ভবিষ্যতে বেকার হতে পারে এমন শিশুদের প্রাথমিকেই চিহ্নিত করার সুপারিশ যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে যেসব শিশু ১৬ বছর বয়সে লেখাপড়া শেষে বেকার হওয়ার ঝুঁকিতে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়েই তাদের চিহ্নিত করার জন্য সুপারিশ করছে দেশটির সরকার গঠিত একটি পর্যালোচনা দল।
তরুণদের বেকারত্ব সমস্যা সমাধানে গঠিত এই দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যালান মিলবার্ন। তিনি জানান, যুক্তরাজ্যে কর্মহীন তরুণদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় শিক্ষানীতিতে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি কল্যাণ ভাতা ব্যবস্থাতেও সংস্কারের তাগিদ দেওয়া হবে।
‘দ্য গার্ডিয়ানকে’ দেওয়া সাক্ষাৎকারে মিলবার্ন বলেন, ১৬ থেকে ২৪ বছর বয়সি তরুণরা যাতে কোনো ধরনের শিক্ষা, কাজ বা প্রশিক্ষণের বাইরে না থাকে, সে জন্য প্রথম থেকেই কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে।
তার মতে, একটি শিশু ভবিষ্যতে ঝরে পড়বে বা বেকার হবে কি না, তার ইঙ্গিত একদম কম বয়সেই প্রকাশ পায়। তিনি বলেন, তাই প্রাথমিকেই এসব শিশুকে শনাক্ত করা উচিত, যাতে মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য সেবা সংস্থাগুলো শুরুতেই তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দিতে পারে।
সম্প্রতি যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সি বেকার তরুণদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। প্রতি আটজন তরুণের মধ্যে একজন বর্তমানে কোনো কাজ বা পড়াশোনার মধ্যে নেই। মানসিক স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি এবং কর্মসংস্থান সংকটের কারণে এটি আরও তীব্র রূপ নিয়েছে।
মিলবার্ন তার প্রতিবেদনে প্রস্তাব করেছেন, প্রাথমিক বিদ্যালয়েই শিক্ষার্থীর উপস্থিতি, পারিবারিক দারিদ্র্য, মানসিক স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক প্রেক্ষাপট বিচার করে আগেভাগেই তাদের চিহ্নিত করতে হবে। বিশেষ করে যেসব শিশু স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকে, ভবিষ্যতে তাদের বেকার হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেশি থাকে।
আগামী মাসে মিলবার্নের এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। তিনি আশা করছেন, শুরুতেই ব্যবস্থা নিলে তরুণদের এই বেকারত্বের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
