মানসিক চিকিৎসায় ‘এমডিএমএ মাদক’ ব্যবহারের অনুমোদন নিউজিল্যান্ডে

গুরুতর পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) বা মানসিক আঘাতজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফার্মাসিউটিক্যাল-গ্রেড এমডিএমএ ব্যবহারের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডসেফ দুই মনোরোগ বিশেষজ্ঞকে নির্দিষ্ট রোগীদের জন্য এমডিএমএ প্রেসক্রাইব করার অনুমতি দিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডই বিশ্বের দ্বিতীয় দেশ, যেখানে পিটিএসডির চিকিৎসায় এই মাদক ব্যবহারের অনুমোদন দেওয়া হলো। অস্ট্রেলিয়া ২০২৩ সালে এ ধরনের অনুমোদন দেয়।
নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ডেভিড সিমুর বলেন, পিটিএসডি মানুষের জীবনকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে এবং এর চিকিৎসা বেশ কঠিন। তার মতে, সাইকেডেলিক-সহায়ক থেরাপির মাধ্যমে এমডিএমএ পিটিএসডি চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখতে পারে। উদ্ভাবনী চিকিৎসার সুযোগ বাড়াতে নিউজিল্যান্ড সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
পিটিএসডি সাধারণত মৃত্যু, যুদ্ধ, যৌন নিপীড়ন বা এ ধরনের ভয়াবহ ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা কিংবা এমন ঘটনার হুমকির মুখে পড়ার পর দেখা দিতে পারে।
নিয়ন্ত্রিত পরিবেশে হবে চিকিৎসা
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এমডিএমএ-সহায়ক চিকিৎসার পাশাপাশি রোগীদের সাইকোথেরাপিও দেওয়া হবে। তবে চিকিৎসার অংশ হিসেবে রোগীদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এমডিএমএ সরবরাহ করা হবে না।
মন্ত্রণালয়ের ভাষ্য, অনুমোদিত মনোরোগ বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পরিবেশে এই চিকিৎসা দেওয়া হবে। এটি রোগীর সামগ্রিক চিকিৎসা পরিকল্পনার একটি অংশ হিসেবেই পরিচালিত হবে। এ চিকিৎসা নিতে রোগীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
যুক্তরাষ্ট্রে এখনো অনুমোদন মেলেনি
যুক্তরাষ্ট্রে এমডিএমএ-ভিত্তিক চিকিৎসা নিয়ে বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। তবে ২০২৪ সালে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) পিটিএসডির চিকিৎসায় এমডিএমএ ব্যবহারের অনুমোদনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন সংস্থাটি জানিয়েছিল, ওষুধটি নিরাপদ ও কার্যকর—এমন পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রে পিটিএসডির ওষুধভিত্তিক চিকিৎসার সুযোগও এখনো সীমিত। বর্তমানে সেখানে দুটি অ্যান্টিডিপ্রেসেন্ট ব্যবহৃত হয়, যেগুলোর কার্যকারিতা পেতে নিয়মিত কয়েক মাস সেবনের প্রয়োজন হতে পারে। তবে এসব ওষুধে রোগীর সাড়া ব্যক্তিভেদে ভিন্ন হয়।
গত বছর ইসরাইলে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হামলার সময় সেখানে থাকা কিছু মানুষ এমডিএমএ গ্রহণ করেছিলেন। গবেষণাটিতে ইঙ্গিত পাওয়া যায়, ওই এমডিএমএ গ্রহণ তাদের ভয়াবহ অভিজ্ঞতার পরবর্তী মানসিক প্রভাব কিছুটা কমাতে সহায়ক হতে পারে।
নিউজিল্যান্ডের এই সিদ্ধান্তের ফলে গুরুতর পিটিএসডি আক্রান্ত রোগীদের জন্য প্রচলিত চিকিৎসার পাশাপাশি নিয়ন্ত্রিত পরিবেশে এমডিএমএ-সহায়ক থেরাপির একটি নতুন সুযোগ তৈরি হলো।
