logo

স্ক্রল ডট ইনের কলাম/গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষের পথে, হাসিনার প্রত্যর্পণে থমকে আছে ঢাকা-দিল্লি সম্পর্ক

স্ক্রল ডট ইন
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষের পথে, হাসিনার প্রত্যর্পণে থমকে আছে ঢাকা-দিল্লি সম্পর্ক
ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ। ছবি: এএনএন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে প্রত্যর্পণসংক্রান্ত বিতর্কিত বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক যখন আটকে আছে, ঠিক তখনই এই টানাপোড়েনের মধ্যে পড়েছে দুই দেশের ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি।

শুষ্ক মৌসুমে গঙ্গার পানি কীভাবে বণ্টন করা হবে, তা নির্ধারণকারী এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে।

Advertisement

২০২৪ সালের আগস্ট থেকেই ঢাকা নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। এই অনুরোধ মানার ক্ষেত্রে দিল্লির অনীহা প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের সম্পর্ককে মেঘাচ্ছন্ন করে তুলেছে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও নয়াদিল্লিতে কোনো সরকারি সফর করেননি।

গত আগস্টে তারেক রহমানের একটি সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল; কিন্তু ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সেই সফর আর এগোয়নি। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছিল, ওই উপস্থিতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতিকে ‘বিনষ্ট’ করেছে।

এরই মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, মেয়াদ বাড়ানো বা এর স্থলে নতুন কোনো চুক্তি করার বিষয়ে কোনো পক্ষ থেকেই কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারত কেবল চুক্তিটির মেয়াদ শেষ হতে দেওয়ারই পরিকল্পনা করছে।

১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের ভারত সফরের আগে একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করতে হবে এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে তাদের উদ্বেগের কোনো জবাব এখনো পাওয়া যায়নি। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তার প্রত্যর্পণের জন্য চাপ দেওয়ার যথেষ্ট কারণও ঢাকার রয়েছে।

গত সপ্তাহে খবর প্রকাশিত হয় যে ১৭–১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পঞ্চম দফার বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। ঢাকার দাবি, ৯ নভেম্বর শেখ হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে যে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছিলেন, তার সঙ্গে এই সিদ্ধান্তের ‘কোনোই সম্পর্ক নেই’।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে থাকা শেখ হাসিনার আইনজীবীরা ৯ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানান। চিঠিতে বলা হয়, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তার আগের কাগজপত্র বাতিল করেছিল।

বাংলাদেশ হাইকমিশন প্রশ্ন তুলেছে যে শেখ হাসিনার পক্ষে কাজ করার বৈধ অধিকার ওই আইনজীবীদের আছে কি না, অন্যদিকে ঢাকা বলেছে, তার দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই এগোতে হবে। ভারত বলেছে, ভ্রমণের জন্য শেখ হাসিনার বৈধ কাগজপত্র প্রয়োজন হবে এবং তার প্রত্যর্পণকে একটি কারিগরি ও আইনি বিষয় হিসেবে বর্ণনা করেছে।

কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার ঘটনাটি আরেকটি দৃষ্টান্ত যে তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলো সচল রাখা কতটা কঠিন হয়ে পড়েছে।

চুক্তি নিয়ে আলোচনা

গঙ্গার পানিবণ্টন চুক্তি একটি জরুরি উদ্বেগের বিষয় এবং তারেক রহমানের সরকার চলতি বছরের শুরু থেকেই ভারতের কাছে বিষয়টি তুলে ধরছে। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে ১০ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এ ছাড়া ৮ জুন বাংলাদেশ ভারতের কাছে চুক্তিটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিল। তবে এসব উদ্যোগের কোনো ফল মিলেছে—এমন লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে।

মন্ত্রীরা অবশ্য আশ্বস্ত করে যাচ্ছেন: বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২ নভেম্বর বলেছেন, ‘দেশের ন্যায্য পানির চাহিদা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থের’ ভিত্তিতে চুক্তিটি নবায়নের জন্য ভারতের সঙ্গে আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১০ নভেম্বর জাতীয় সংসদে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গা ও অন্যান্য অভিন্ন নদী থেকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে এমন চুক্তির লক্ষ্যে সরকার কাজ করছে।

তবে ভারত এ বিষয়ে তেমন কোনো তাগিদ দেখায়নি। নয়াদিল্লি বারবার চুক্তিটির ভবিষ্যৎকে তারেক রহমান ও নরেন্দ্র মোদির মধ্যকার একটি বৈঠকের সঙ্গে যুক্ত করেছে। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও একই অবস্থান নিয়েছিলেন।

১৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লোকসভাকে জানায় যে চুক্তি নবায়নের আলোচনা এখনও শুরু হয়নি। নয়াদিল্লি বলছে, নদী–সংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমেই নিষ্পত্তি হতে হবে; যদিও গত জুলাইয়ে ভারতের নিজস্ব সংসদীয় স্থায়ী কমিটিই আর বিলম্ব না করে আলোচনা শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

ন্যায্য হিস্যা

বাংলাদেশের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার মাশুল হবে অনেক বড়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তিতে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের প্রতিটি চক্রের একটি সূত্র অনুসরণ করে ফারাক্কা বাঁধের পানিবণ্টন নির্ধারণ করা হয়।

পানির প্রাপ্যতা ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগ পায়। পানির পরিমাণ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক। আর ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং বাকিটা পায় বাংলাদেশ।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত পালাক্রমে ১০ দিনের প্রতিটি চক্রে বাংলাদেশের জন্য ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা দেওয়া হয়েছে।

চুক্তির ২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ১০ দিনের চক্রে পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে তাৎক্ষণিক আলোচনায় বসতে হবে। আর ১২ অনুচ্ছেদে নবায়নের বিষয়টিকে পারস্পরিক সম্মতির ওপর নির্ভরশীল করা হয়েছে। জাতিসংঘে প্রচারিত চুক্তির পূর্ণাঙ্গ পাঠ্যে এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

কিন্তু এই সূত্রটি তৈরি করা হয়েছিল ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানি প্রবাহের তথ্যের ওপর ভিত্তি করে, যে কারণে একটি হালনাগাদ বৈজ্ঞানিক মূল্যায়ন জরুরি। ২০২৫ সালে ‘এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, আশির দশকের শুরু থেকে বাংলাদেশের গড়াই নদ দিয়ে গঙ্গার মিঠাপানির প্রবাহ পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য হারে কমেছে; যা দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চল ও সুন্দরবনে লবণাক্ততা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

৯৫৫ বর্গকিলোমিটার এলাকায় সেচ দেওয়ার জন্য নির্মিত বাংলাদেশের গঙ্গা–কপোতাক্ষ সেচ প্রকল্পটি সংকুচিত হয়ে প্রায় ৫৫০ বর্গকিলোমিটারে নেমে এসেছে। কৃষক, জেলে এবং পুরো মিঠাপানির বাস্তুতন্ত্র এই পানি সরবরাহের ওপর নির্ভরশীল।

ভারতেরও নিজস্ব অভ্যন্তরীণ বিবেচনা রয়েছে।

বিহারে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র জনতা দল (ইউনাইটেড) চুক্তিটি নবায়নের বিরোধিতা করেছে। দলটির সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা কেন্দ্রীয় সরকারের প্রতি বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে ফারাক্কা বাঁধের কারণে বিহারে পলি জমা ও বন্যা বেড়েছে।

পশ্চিমবঙ্গ দাবি করেছে, চুক্তি নবায়নের সময় তাদের নিজস্ব পানীয় জল ও শিল্প খাতের পানির চাহিদাও এতে অন্তর্ভুক্ত করতে হবে।

এসব উদ্বেগ অবশ্যই বৈজ্ঞানিকভাবে পরীক্ষা–নিরীক্ষা করা উচিত, তবে এগুলো অনির্দিষ্টকালের বিলম্বকে ন্যায্যতা দিতে পারে না কিংবা ভাটির দেশ হিসেবে বাংলাদেশের প্রয়োজনকে উপেক্ষা করতে পারে না। হালনাগাদ জলতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে একটি নতুন চুক্তি হওয়া উচিত, যেখানে ন্যূনতম পানি প্রবাহ, বন্যার পূর্বাভাস, পলি ব্যবস্থাপনা এবং অববাহিকাজুড়ে বসবাসকারী জনগোষ্ঠীর চাহিদার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশও চুক্তিতে কিছু পরিবর্তন চায়। এর একটি হলো নিশ্চয়তা ধারা (গ্যারান্টি ক্লজ), যা ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তিতে ছিল কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে বাদ দেওয়া হয়। ওই ধারায় অস্বাভাবিক কম প্রবাহের সময়েও বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

পানি নিয়ে রাজনীতি

শেখ হাসিনার প্রত্যর্পণের অগ্রগতির ওপর নিজের প্রথম ভারত সফরকে শর্তযুক্ত রাখা বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে কি না, তা তারেক রহমানের পুনর্বিবেচনা করা উচিত। নয়াদিল্লি সফর করলে তিনি মুখোমুখি বসে এসব বিষয় তোলার পাশাপাশি পানি ও অন্যান্য অভিন্ন উদ্বেগের বিষয়গুলো এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

ভারতকেও বুঝতে হবে, বাংলাদেশ তার জবাবদিহির দাবি একপাশে সরিয়ে রাখবে—এমন প্রত্যাশা করে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা যায় না।

অভিন্ন নদীগুলো বাস্তবসম্মত সহযোগিতার মাধ্যমে পরিচালিত হবে, নাকি রাজনৈতিক মতপার্থক্যের কাছে জিম্মি হয়ে থাকবে—সেই সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারতকেই নিতে হবে।

জান্নাতুল নাঈম পিয়াল বাংলাদেশের একজন লেখক, গবেষক ও সাংবাদিক।


লেখক পরিচিতি

জান্নাতুল নাঈম পিয়াল বাংলাদেশের একজন লেখক, গবেষক ও সাংবাদিক।

[প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো এশিয়া পোস্টের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের যথার্থতা ও মতামতের দায়িত্ব লেখকের নিজস্ব; এ বিষয়ে এশিয়া পোস্ট কর্তৃপক্ষের অবস্থান নিরপেক্ষ।]