logo

এশিয়া টাইমসের কলাম/‘ডিসেম্বরে শুধু শীত আসবে’, কূটনীতির মঞ্চে হুমায়ুন কবিরের ক্যারিশমা

ফয়সাল মাহমুদ
‘ডিসেম্বরে শুধু শীত আসবে’, কূটনীতির মঞ্চে হুমায়ুন কবিরের ক্যারিশমা
কার্টুন: ডেইলি ওয়াদা

নিখুঁত কাটের সুট আর হিসাবি বেপরোয়া ভঙ্গি দিয়ে কূটনীতিকে রাজনৈতিক নাট্যমঞ্চে পরিণত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কীভাবে তিনি ঘরোয়া রাজনীতি ও কূটনীতির ভাষা বদলে দিচ্ছেন, তা নিয়ে ‘এশিয়া টাইমস’-এ লিখেছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ।

হুমায়ুন কবির চিরাচরিত ধারার কোনো কূটনীতিক নন। তবে তার পোশাক-আশাকে বেশ আভিজাত্য রয়েছে। তিনি নিখুঁত কাটের সুট পরেন, আর বুকপকেটের রুমালেও মাঝেমধ্যে বৈচিত্র্য দেখা যায়। নেভি ব্লু ও কালো রঙের চিরাচরিত ধারার বাইরে গিয়ে তিনি কখনো কখনো চেক জ্যাকেটও পরেন। তার ইংরেজি উচ্চারণে ব্রিটিশ টানও স্পষ্ট।

Advertisement

কিন্তু কবির যখন মাতৃভাষায় কথা বলেন, তখন তিনি পুরোপুরি অন্য রূপে হাজির হন। কূটনৈতিক মহলের মেপে মেপে বলা প্রমিত বাংলা নয়, বরং তিনি সরাসরি আঞ্চলিক সিলেটি ভাষায় কথা বলেন।

দুই বছর আগেও রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের বাইরে খুব কম বাংলাদেশিই তাকে চিনতেন। অথচ আজ তার সংবাদ সম্মেলনগুলো সংবাদের শিরোনাম হয়, ফেসবুক রিলস হয়ে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে তৈরি হয় রাজনৈতিক মিমও।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনার কথাই ধরা যাক। এ বিষয়ে প্রশ্ন করা হলে কবির বরং বাংলাদেশিদের শীতের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তার ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসতে পারেন, আর বিজয় দিবস তো আসবেই। তিনি ঘোষণা দিয়ে বসেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না।’

ছাপার অক্ষরে তার এই পরিবেশনার আসল আমেজটুকু বোঝানো কঠিন। এটি চোখে দেখতে হয়। কোনো সাংবাদিক একটু খোঁচা দিয়ে প্রশ্ন করলে তিনি প্রথমেই মেপে তাকান, তারপর তার ঠোঁটে হাসি ফোটে। ভাবখানা এমন থাকে যেন বিষয়টি খুবই তুচ্ছ; অনেকটা মুরব্বিসুলভ তাচ্ছিল্যের সুর। যেন সাংবাদিক নিজেও না বুঝে অপ্রয়োজনীয় কিংবা নেহাত বোকার মতো কোনো প্রশ্ন করে ফেলেছেন!

এরপর আসে তার সেই উড়িয়ে দেওয়ার ভঙ্গি। প্রমিত বাংলায় কথা বললে এই প্রভাবটা ঠিক আসত না। এর জন্য সিলেটি ভাষার সুরেলা টান প্রয়োজন, আর সঙ্গে ব্রিটিশ উচ্চারণের ইংরেজির ছিটেফোঁটা তো বাড়তি ঝাঁজ যোগ করেই। তার কথা বলার ভঙ্গি এতটাই নির্বিকার যে, শুনে মনে হতে পারে তিনি যেন কোনো এক ‘রাম-শ্যাম-যদু-মধু’কে নিয়ে কথা বলছেন; যেন তিনি এমন এক নারীর কথা বলছেন না, যিনি ১৫ বছর লৌহহস্তে বাংলাদেশ শাসন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক বলেন, ‘তাকে দেখে মনে হয় তিনি কোনো কিছুরই পরোয়া করেন না। কিন্তু কীভাবে আনুগত্য ও সম্মান আদায় করতে হয়, তা তিনি ভালোই জানেন।’

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার তরুণ প্রতিমন্ত্রীর অধীনে পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের অন্যতম দৃশ্যমান রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

কূটনীতি এখন আর কেবল চুক্তি স্বাক্ষর বা রাষ্ট্রদূতদের অভ্যর্থনা জানানোর মধ্যে সীমাবদ্ধ নেই। বরং দেশের মানুষের কাছেই সরকারের রাজনৈতিক পরিচয় তুলে ধরার এক মাধ্যম হয়ে উঠছে এটি। আর কবির এই ব্যবস্থায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেই মনে হয়।

লন্ডন থেকে মূল মঞ্চে

বিএনপির ভেতরে কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে যাকে ‘লন্ডনি পার্টি’ বলেন, কবির সেই বলয়েরই সদস্য। ব্রিটেনে দীর্ঘ নির্বাসনে থাকার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের চারপাশে এই ঘনিষ্ঠ মহলটি গড়ে উঠেছিল। গত ফেব্রুয়ারিতে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় ফেরার পর থেকে এই বলয়ের সদস্যরা ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছেন।

সিলেটে জন্ম নেওয়া কবির আড়াই বছর বয়সে ব্রিটেনে চলে যান। তিনি সাসেক্স বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) এবং কেমব্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হওয়ার আগে তিনি ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ব্রিটিশ সরকারি ব্যবস্থার ভেতরে কাজ করেছেন।

পরবর্তী সময়ে তিনি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং খলিলুর রহমানের যোগ্য সহকারী হয়ে ওঠেন। শুরুর দিকের যৌথ উপস্থিতিগুলোতে দুজনের কাজের ভাগাভাগিটা প্রায় নাটকীয় মনে হতো।

খলিলুর কড়া ভাষায় জবাব দিতেন, আর পাশ থেকে কবির বেশ উপভোগের ভঙ্গিতে সায় দিতেন। গত জুনে সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিসকে ৯৯–৯১ ভোটে হারিয়ে খলিলুর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জয়ে কবির এমনভাবে উদ্‌যাপন করেছিলেন, যেন রেসলিংয়ের ট্যাগ টিমের এক সঙ্গী সবেমাত্র চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন।

অর্জনটি নিঃসন্দেহে বড় ছিল। কেবল আঞ্চলিক পালাক্রমের ভিত্তিতে আনুষ্ঠানিক কোনো পদ পাওয়ার বদলে বাংলাদেশ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কূটনৈতিক নির্বাচনে জিতেছিল।

তবে সহকারী হিসেবে কবিরের শিক্ষানবিশ কাল দীর্ঘ হয়নি। ২১ আগস্ট তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর দপ্তর বণ্টনের সময়ই স্পষ্ট হয়ে যায়, খলিলুর রহমান নিউইয়র্কে তার দায়িত্ব সামলানোর ফাঁকে কোন প্রতিমন্ত্রী প্রধান ভূরাজনৈতিক সম্পর্কগুলো দেখভাল করবেন।

কবির পান দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি এবং প্রবাসী বাংলাদেশি–সংক্রান্ত দায়িত্ব। আরেক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পান মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, গবেষণা, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, সমুদ্রসম্পদ, স্বাস্থ্য কূটনীতিসহ আরও কয়েকটি বিভাগ।

এসব বিষয় অবশ্যই সম্মানজনক। তবে এগুলো ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা পাকিস্তানের সঙ্গে প্রধান দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যায়ে পড়ে না। কার্যত মন্ত্রণালয় তাদের মূল ভূরাজনৈতিক কর্মকাণ্ডকে বিশেষায়িত কূটনীতি থেকে আলাদা করে ফেলেছিল।

তবে মন্ত্রণালয়ের ভেতরে কবিরের ভাবমূর্তি ততটা হাসিখুশি নয়।

এই প্রতিবেদকের সঙ্গে কথা বলা কয়েকজন কূটনীতিক জানিয়েছেন, কর্মকর্তাদের রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রতিমন্ত্রীর বেশ কড়া নজর রয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামল স্বাভাবিকভাবেই বাংলাদেশের কূটনৈতিক কাঠামোর নিয়োগ ও পদোন্নতিতে প্রভাব ফেলেছিল।

আরেক কূটনীতিক বলেন, ‘তিনি একজন ধুরন্ধর খেলোয়াড় এবং কার আনুগত্য কোথায়, তা তিনি জানেন। তবে এই শুদ্ধি অভিযান মন্ত্রণালয়ের ভেতরে অবিশ্বাসও তৈরি করেছে।’

হাতকড়া, শ্বশুরবাড়ি ও শীতকাল

হাসিনা যদি আইনজীবী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে দেশে ফেরার বিষয়ে দর-কষাকষির আশা করে থাকেন, তবে কবির সে পথটিকে অনেকটাই মর্যাদাহীন করে তুলেছেন।

৫ নভেম্বর হাসিনাকে পাসপোর্ট দেওয়া হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি কি রংপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে ওনাকে পাসপোর্ট দিতে হবে?’

এর চার দিন পর রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে যোগাযোগ করেছেন।

কবির এই প্রস্তাবকে ‘চরম হাস্যকর’ বলে উড়িয়ে দেন। তিনি জানান, পাসপোর্ট নিয়ে কোনো নাটক হবে না; বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চায়। এরপর আসে ২৪ নভেম্বর। খবর বেরোয়, হাসিনা নাকি বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরতে চান। কবির আবারও কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন।’ তিনি কেবল ‘হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারির মধ্যে’ দেশে ফিরতে পারেন।

২৬ নভেম্বরের মধ্যে প্রতিমন্ত্রী অভিবাসন প্রক্রিয়া ছেড়ে আবহাওয়াবিজ্ঞানে ঢুকে পড়েন। তিনি বলেন, ‘ডিসেম্বরে কেউ আসবে না; শুধু শীত আসবে।’

পশ্চিমবঙ্গের রাজনীতিকদের বাংলাদেশ দখল করার হুমকিও তিনি উড়িয়ে দেন। তিনি মন্তব্য করেন, সব জায়গার রাজনীতিতেই কিছু ‘পাগল লোক’ থাকে। বাংলাদেশ যে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করে, সেটিও তিনি মনে করিয়ে দেন।

ভারত ও হাসিনাকে দেখার ক্ষেত্রে তার অবস্থানে পার্থক্য রয়েছে। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারতের অপরিহার্য সম্পদ হিসেবে নয়, বরং নয়াদিল্লির জন্য এক বোঝা হিসেবে তুলে ধরছেন। বৃহস্পতিবার তিনি ভারতের এই অস্বস্তিকর পরিস্থিতিকে এক অসহ্য মেহমানকে আশ্রয় দেওয়ার সঙ্গে তুলনা করেন।

উপমাটি বেশ আকর্ষণীয় ছিল, যদিও নয়াদিল্লি তার এই মূল্যায়নের সঙ্গে একমত কি না, তার কোনো প্রমাণ নেই। ভারত হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় ফেরা এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ—দুটিকে আলাদা করে দেখছে। প্রকাশ্যে হস্তান্তরের কোনো সমঝোতাও হয়নি।

২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

তবুও কবিরের কথাবার্তার একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। হাসিনা নিজেকে এক বিজয়ী প্রত্যাবর্তনের প্রস্তুতি নেওয়া রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরার যে চেষ্টা করছেন, কবিরের বক্তব্য সেই চেষ্টাকে চ্যালেঞ্জ করে এবং তাঁর ফেরাকে ফৌজদারি বিচারের বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করে।

মক্কা, ওয়েস্টমিনস্টার ও হাততালির রাজনীতি

কবিরের এই বেপরোয়া ভঙ্গি কেবল হাসিনার জন্যই বরাদ্দ নয়।

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি ভূরাজনৈতিক হিসাব-নিকাশের চেয়ে বরং আবেগের জায়গাকেই সামনে আনেন।

তিনি বলেন, ‘মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে।’ পরে এমন জোটে যোগ দেওয়ার ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে কবির আরেকটি স্মরণীয় উক্তি করেন, ‘বাঁচার আগেই মরে যাওয়ার ভয় করে লাভ কী?’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রক্ষণশীল কর্মকর্তারা এমন কথা শুনে নিশ্চয়ই নীরবে গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজছিলেন!

কোনো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দেওয়া ধর্মীয় আবেগ প্রকাশের বিষয় নয়, এটি একটি কৌশলগত অঙ্গীকার। এ ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক, পশ্চিমা বাজারের ওপর নির্ভরতা, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক এবং প্রতিদ্বন্দ্বী ভূরাজনৈতিক জোটে না জড়ানোর দীর্ঘদিনের নীতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

নয়াদিল্লি জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর ঢাকা এখনো এই চুক্তিতে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।

এরপর এল নাগরিকত্বের প্রসঙ্গ।

প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরপরই কবির তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে প্রশ্ন তোলে প্রথম আলো। বিষয়টির সাংবিধানিক তাৎপর্য ছিল। এ নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে কবির পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘কে এই নিউজ করছে, কার এত মাথাব্যথা?’

সাংবাদিকদের সঙ্গে তার এই আক্রমণাত্মক কথাবার্তা সমর্থকদের একাংশের কাছে তার জনপ্রিয়তা কমানোর বদলে বরং বাড়িয়েই দিচ্ছে বলে মনে হয়। বাংলাদেশি ফেসবুকে এক বিকেল কাটালেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়বে—পররাষ্ট্রবিষয়ক একজন টেকনোক্র্যাটের যেন রীতিমতো রাজনৈতিক ভক্তশ্রেণি তৈরি হয়েছে।

মানুষ তার সংবাদ সম্মেলনগুলো কূটনৈতিক তথ্যের জন্য যতটা দেখেন, তার তাৎক্ষণিক রসিকতা ও পাল্টা জবাবের জন্যও ততটাই উপভোগ করেন।

গত সেপ্টেম্বরে ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর কথিত হামলার পর কবির সংসদে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের একজন অংশগ্রহণকারীর ওপর হামলা মানে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা।’ তিনি কূটনৈতিক মিশনগুলোকে বাঁধনকে সহায়তা করার এবং ইতালির কর্তৃপক্ষের কাছে বিষয়টি তোলার নির্দেশ দেন।

পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে সরকারের ঘরোয়া রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার আরেকটি উদাহরণ ছিল এটি।

এই কৌশল বিএনপির বিরোধীদেরও এক মজার উভয়সংকটে ফেলে দিয়েছে। সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির নানা বিষয়ে মতবিরোধ রয়েছে। কিন্তু হাসিনার প্রত্যর্পণের মতো বৈদেশিক বিষয়গুলো তাদের মধ্যেও বড় ধরনের রাজনৈতিক ঐকমত্যের জায়গা তৈরি করে দেয়।

তবে কবিরের জন্য কঠিন পরীক্ষাটা আসবে তখনই, যখন ঘরোয়া দর্শকের চাহিদার সঙ্গে আন্তর্জাতিক দর-কষাকষির বাস্তবতার সংঘাত বাধবে। ওয়াশিংটনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করতে হবে, ভারতের সঙ্গে নদীর পানিবণ্টন সুরাহা করতে হবে, বেইজিংয়ের ঋণ সামলাতে হবে এবং একাধিক সরকারের মেয়াদ পার করে আসা রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে হবে।

এসব জটিল সমস্যার কোনোটিই মুখরোচক এক-লাইনের সংলাপে সমাধান হওয়ার মতো নয়।

কবির বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দেশের মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করেছেন। কিন্তু ঘরোয়া এই উচ্ছ্বাসকে তিনি টেকসই কূটনৈতিক অর্জনে রূপান্তর করতে পারবেন কি না, সেটি ভিন্ন বিষয়।

নিখুঁত কাটের সুট, মুগ্ধকর হাসি আর মোক্ষম এক লাইনের সংলাপ দিয়ে হয়তো দারুণ একটি সংবাদ সম্মেলন করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এগুলোর কোনোটিই একটি কঠিন ও জটিল প্রত্যর্পণ চুক্তির বিকল্প হতে পারে না।


লেখক ফয়সাল মাহমুদ ‘ডেইলি ওয়াদা’-র ব্যবস্থাপনা সম্পাদক।

[প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো এশিয়া পোস্টের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের যথার্থতা ও মতামতের দায়িত্ব লেখকের নিজস্ব; এ বিষয়ে এশিয়া পোস্ট কর্তৃপক্ষের অবস্থান নিরপেক্ষ।]