আলজাজিরার কলাম /একটি দল কি একইসঙ্গে বামপন্থি ও ইহুদিবাদী হতে পারে

ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের নবগঠিত ডেমোক্র্যাটস পার্টির যুব শাখা ‘ইসরায়েলস ইয়ং ডেমোক্র্যাটস’ বিদেশি মিত্রদের সন্ধান করছে। তারা সম্প্রতি অস্ট্রিয়ার ‘ইয়ং গ্রিনস’-এর সঙ্গে যৌথ প্রচারণার ঘোষণা দিয়েছে, যাতে ‘মাঠে প্রগতিশীল কণ্ঠকে সমর্থন করা যায় এবং একটি টেকসই শান্তির দিকে কাজ করা যায়’।
অন্যদিকে, ‘বামপন্থি’ হিসেবে বর্ণিত অন্য একটি যুব গোষ্ঠী ‘হামাহানোট হাউলিম’ (দ্য অ্যাসেন্ডিং ক্যাম্পস) অধিকৃত পশ্চিম তীরের জেরিকোর কাছে একটি নতুন কিবুতজ (সমবায় খামার) তৈরির পরিকল্পনা করছে।
ফিলিস্তিনি জনসংখ্যার ওপর এর প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে, ওই গোষ্ঠীর পরিচালক ইলান গাজিত বলেন, যেহেতু ইসরায়েলি বসতি স্থাপন এমনিতেই চলছে, তাই ‘বামপন্থিদের’ নিশ্চিত করা উচিত যেন ইসরায়েলি ‘বামপন্থিরাই’ এগুলো দখল করে, উগ্র-ডানপন্থি বসতি স্থাপনকারীরা নয়। তিনি বলেন, ‘আমরা এতে লজ্জিত নই এবং এটি গোপনও করছি না’।
এই দুটি যুব আন্দোলন এবং তাদের বিদেশি শুভাকাঙ্ক্ষিরা ‘বামপন্থি ইহুদিবাদ’-কে একটি সুসংগত রাজনৈতিক পরিচয় হিসেবে বিবেচনা করছে বলে মনে হয়। কিন্তু একটি দল, আন্দোলন বা ব্যক্তি কি একই সঙ্গে বামপন্থি ও ইহুদিবাদী হতে পারে?
ফিলিস্তিনি ও উপনিবেশবিরোধী দৃষ্টিকোণ থেকে এর সংক্ষিপ্ত উত্তর হলো ‘না’। তাহলে কেন ইসরায়েল এবং এর বাইরে এটিকে একটি বৈধ মতাদর্শিক বিশ্বাস হিসেবে তুলে ধরা হয়? কারণ এটি একটি রাজনৈতিক কৌশল, যা নিপীড়নের কাঠামো রক্ষা করে ইহুদিবাদকে যে কোনো সমালোচনা থেকে আড়াল করার জন্য তৈরি করা হয়েছে।
ইতিহাসের প্রেক্ষাপটে প্রশ্ন
‘বামপন্থি ইহুদিবাদ’-এর স্থায়িত্ব সম্পর্কিত প্রশ্নটি নতুন নয়। ১৯ শতকে ইউরোপে একটি সংগঠিত ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে ইহুদিবাদের উত্থান ঘটে। ইউরোপীয় জাতীয়তাবাদ, ইউরোপীয় সেমিটিজম-বিরোধী মনোভাব এবং ঔপনিবেশিক সম্প্রসারণের দ্বারা প্রভাবিত হয়ে একটি ইহুদি জাতীয় হোম প্রতিষ্ঠার লক্ষ্য ছিল এর মূলে।
এর প্রাথমিক রাজনৈতিক স্থপতিরা দুটি সংযুক্ত প্রকল্পকে এগিয়ে নিয়েছিলেন: ইহুদি ধর্মকে একটি জাতীয় পরিচয় হিসেবে পুনর্সংজ্ঞায়িত করা এবং ফিলিস্তিন উপনিবেশায়ন করা। ইহুদিবাদের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হাঙ্গেরিয়ান ইহুদি সাংবাদিক থিওডোর হার্জেল ধর্মীয় আবেগে নয়, বরং ইউরোপে ক্রমবর্ধমান সেমিটিজম-বিরোধী মনোভাব দ্বারা চালিত হয়েছিলেন, কারণ তিনি ধর্মনিরপেক্ষতার সমর্থক ছিলেন।
১৯০৪ সালে হার্জেলের মৃত্যুর পর, ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশন এবং ফিলিস্তিনের প্রাথমিক বসতি স্থাপনকারী সম্প্রদায়গুলোর মধ্যে বিভিন্ন সমাজতান্ত্রিক দল প্রাধান্য পাওয়ার সাথে সাথে বামপন্থি ধারণাগুলো আন্দোলনে প্রবেশ করে।
তবে এই বামপন্থি উপাদানগুলো শ্রেণিসংগ্রাম এবং আন্তর্জাতিকতাবাদের প্রতি কোনো প্রকৃত প্রতিশ্রুতি দ্বারা পরিচালিত ছিল না। বরং, তারা কিবুতজিম, লেবার ইউনিয়ন এবং কূটনীতির মাধ্যমে পরিচালিত একটি সেটলার-ঔপনিবেশিক রাষ্ট্র গঠন প্রকল্পকে যৌক্তিক করতে সমাজতান্ত্রিক শব্দভাণ্ডার ব্যবহার করেছিল।
রাজনৈতিক স্পেকট্রামে প্রাথমিক ইহুদিবাদীরা যে অবস্থানই নিক না কেন, আন্দোলনটি শেষ পর্যন্ত যা তৈরি করেছিল (ইসরায়েল রাষ্ট্র) তা ছিল উপনিবেশ-বিরোধী এবং বর্ণবাদ-বিরোধী রাজনীতির সম্পূর্ণ পরিপন্থি, যার পক্ষে বামপন্থীদের দাঁড়ানোর কথা ছিল।
১৯৭৫ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদ ৩৩৭৯ নম্বর প্রস্তাব গ্রহণ করে ঘোষণা করেছিল যে, ‘ইহুদিবাদ হলো বর্ণবাদ এবং জাতিগত বৈষম্যের একটি রূপ’। তবে ইসরায়েল ও তার মিত্রদের ধারাবাহিক চাপ এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে প্রস্তাবটি বাতিল করা হয়। ‘বামপন্থি ইহুদিবাদ’ নিয়ে বিতর্ক আজ অবধি চলছে। বিষয় এটি নয় যে ব্যক্তি ইহুদিবাদীরা নির্দিষ্ট সামাজিক বা অর্থনৈতিক প্রশ্নে প্রগতিশীল মনোভাব পোষণ করতে পারে কি না, কেউ কেউ তা করতেই পারে।
আসল প্রশ্ন হলো জাতিগত নির্মূল, উচ্ছেদ, বর্ণবাদ এবং এখন গণহত্যার মাধ্যমে ইহুদি আধিপত্যের ওপর ভিত্তি করে একটি রাষ্ট্র নির্মাণ ও টিকিয়ে রাখার রাজনৈতিক প্রকল্পকে বামপন্থিদের মৌলিক অঙ্গীকার সমতা, বর্ণবাদ-বিরোধিতা, উপনিবেশমুক্তকরণ এবং সবার জন্য সামাজিক ন্যায়বিচারের সঙ্গে মেলানো সম্ভব কি না।
ইসরায়েলে বামপন্থি রাজনীতি
ঐতিহাসিক রেকর্ড বিবেচনা করলে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে, কয়েক দশক ধরে ইসরায়েল এমন কিছু দল দ্বারা শাসিত হয়েছিল যারা নিজেদের ‘বামপন্থি’ হিসেবে পরিচয় দিত।
১৯৩০ সালে ডেভিড বেন-গুরিয়নের নেতৃত্বে ‘ম্যাপাই’ (Mapai) একটি লেবার ইহুদিবাদী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রাক-রাষ্ট্র ও প্রাথমিক প্রতিষ্ঠানগুলোর প্রধান হয়ে ওঠে, যার মধ্যে 'হাগানাহ' অন্তর্ভুক্ত ছিল, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও গণহত্যা চালিয়েছিল।
ম্যাপাই ১৯৬০-এর দশক পর্যন্ত ইসরায়েল শাসন করে, যা পরে লেবার পার্টির পথ প্রশস্ত করে এবং ১৯৯০-এর দশক পর্যন্ত ইসরায়েলি রাজনীতিতে আধিপত্য বিস্তার করে। লেবার ইহুদিবাদ শ্রমিকদের সংহতির ভাষা বললেও এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিল যা ফিলিস্তিনিদের পরিকল্পনাগতভাবে বাদ দিয়েছিল।
ইসরায়েলের প্রধান ট্রেড-ইউনিয়ন কনফেডারেশন ‘হিসটাদ্রুট’ ১৯২০ সালে ইহুদিবাদী ‘শ্রম জয়ের’ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল; এটি এমন একটি প্রকল্প যা ফিলিস্তিনি শ্রমিকদের অর্থনীতি থেকে পদ্ধতিগতভাবে স্থানচ্যুত করে এবং দেশীয় শ্রমের ওপর নির্ভরতা কমিয়ে ইহুদি বসতি গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছিল।
১৯৪৮ সালের পর এই বর্জন প্রাতিষ্ঠানিক রূপ পায়: ফিলিস্তিনি শ্রমিকদের হয় সদস্যপদ থেকে সরাসরি বঞ্চিত করা হয়েছিল অথবা দশকের পর দশক ধরে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় রাখা হয়েছিল, ইউনিয়ন ফি দেওয়া সত্ত্বেও ভোটাধিকার ও অর্থপূর্ণ প্রতিনিধিত্ব অস্বীকার করা হয়েছিল।
আজ কাগজে-কলমে ফিলিস্তিনিদের ইসরায়েলি ইহুদি শ্রমিকদের মতো সমান অধিকার থাকা সত্ত্বেও বাস্তবে তা নেই। নির্মাণ খাতের মতো মূল খাতগুলোতে যৌথ দর কষাকষির চুক্তিগুলো তাদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয় না, কারণ তাদের কর্মসংস্থানকে অস্থির, অনানুষ্ঠানিক এবং ‘অস্থায়ী’ করে রাখা হয়েছে।
প্রাথমিক লেবার সরকারগুলোর প্রতিষ্ঠিত স্কুল ব্যবস্থা আদর্শিক গঠনের হাতিয়ার হিসেবে কাজ করেছিল: ফিলিস্তিনিদের উপস্থিতি মুছে ফেলে ইহুদি জাতীয় চেতনা গঠন করা এবং বসতি স্থাপনকে উপনিবেশায়নের বদলে জাতীয় মুক্তি হিসেবে পুনর্নির্মাণ করা। লেবার ইহুদিবাদের মূল প্রতিষ্ঠান কিবুতজ এবং মোশাভ আন্দোলনগুলো জমি চুরি ও উচ্ছেদের প্রকল্পের কেন্দ্রে ছিল। ১৯৪৮ সালে কাছের ফিলিস্তিনি গ্রামগুলোকে জনশূন্য করা সহ হাগানাহ্র কার্যক্রমের ঘাঁটি হিসেবে অনেক কিবুতজ ব্যবহৃত হয়েছিল, যা বসতির মানচিত্রকেই নাকবার পরিচালন অবকাঠামোর অংশে পরিণত করেছিল।
বাম-ডান ইহুদিবাদী ফাঁদে পা দেওয়া
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ম্যাপাই এবং লেবার সরকারগুলোর সংঘটিত অপরাধের দীর্ঘ ঐতিহাসিক রেকর্ড থাকা সত্ত্বেও, পশ্চিমা বিশ্বের অনেক বামপন্থী ইসরায়েলি রাজনীতির প্রসঙ্গে ‘বামপন্থি’ ফাঁদে পা দিয়ে চলেছে। তারা মনে করে ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য কেবল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক শক্তিকেই দায়ী করা যায়। অস্ট্রিয়ার ইয়ং গ্রিনস এবং ইসরায়েলের ইয়ং ডেমোক্র্যাটদের মতো প্রচারণাগুলো এই ভুল বিশ্বাসকে জোরদার করে।
সত্য দেখতে ফিলিস্তিনিদের রাজনৈতিক তত্ত্বের প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে জানে যে তাদের উচ্ছেদের ক্ষেত্রে বামপন্থি ইহুদিবাদ এবং ডানপন্থি ইহুদিবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দখলদারিত্ব নেতানিয়াহুকে দিয়ে শুরু হয়নি এবং সরকার পরিবর্তনে তা শেষও হবে না।
ইউরোপ বা তার বাইরের যে কোনো বামপন্থি দল যারা তাদের নিজস্ব মূল্যবোধের সাথে থাকতে চায়, তাদের একটিই পথ আছে। তাদের উচিত ফিলিস্তিনিদের কথা শোনা, ইংল্যান্ড এবং ওয়েলসের গ্রিন পার্টির মতো শক্তিকে অনুসরণ ও সমর্থন করা এবং ইহুদিবাদকে সঠিক পরিচয়ে চিহ্নিত করা: একটি বর্ণবাদী, সেটলার-ঔপনিবেশিক মতাদর্শ। এটি সংস্কার করার মতো কোনো নীতি নয়, বরং এটি বিলুপ্ত করার মতো একটি মতাদর্শ।
লেখক পরিচিতি
তামাম আবুসালামা ফিলিস্তিনি-বেলজিয়ান অ্যাডভোকেসি, কমিউনিকেশনস এবং ক্যাম্পেইনিং পেশাদার। তিনি বর্তমানে ইউরোপীয় সিটিজেনস ইনিশিয়েটিভ ‘জাস্টিস ফর প্যালেস্টাইন’-এর নেতৃত্ব দিচ্ছেন।




