Advertisement

কৌটিল্যের ‘গুপ্ত’ ও ছাত্রদল-শিবিরের দ্বন্দ্ব

এশিয়া পোস্ট নিউজ
কৌটিল্যের ‘গুপ্ত’ ও ছাত্রদল-শিবিরের দ্বন্দ্ব

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিময় একটি গ্রাফিতি। সেখানে রঙের আঁচড়ে লেখা ছিল— ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস।’ কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা রং স্প্রে করে সেই লেখার একটিমাত্র শব্দ ‘ছাত্র’ মুছে দিল। তার জায়গায় লেখা হলো ‘গুপ্ত’। অর্থাৎ, বাক্যটি দাঁড়াল— ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস।’

Advertisement

একটি শব্দ থেকে পুরোনো রাজনৈতিক দ্বন্দ্বের নতুন বিস্ফোরণ। লাঠিসোঁটা, কিরিচ, ইটপাটকেল। কলেজের ক্লাস বাতিল। অন্তত ২০ জন আহত। ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন। একটি মাত্র শব্দ ‘গুপ্ত’ এত কিছু করতে পারে? ইতিহাস বলছে, পারে। সমাজবিজ্ঞান ও রাজনীতির ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই একটি শব্দ যুগ যুগ ধরে সাম্রাজ্যের পতন ঘটিয়েছে, বিপ্লব সাধন করেছে, আবার অগণিত মানুষের রক্ত ঝরিয়েছে। সবসময়ই পেরেছে।

‘গুপ্ত’ শব্দের উদ্ভাবন
সংস্কৃত ‘গুপ্’ ধাতু (যার অর্থ রক্ষা করা বা গোপন করা) থেকে ‘গুপ্ত’ শব্দের উৎপত্তি। এই শব্দটি একই সঙ্গে দুটো অর্থ বহন করে: প্রথমত, রক্ষা করা এবং দ্বিতীয়ত, লুকিয়ে রাখা বা গোপন রাখা। উপমহাদেশের রাজনীতির ইতিহাসে এই দুটো অর্থ সবসময় একসঙ্গে চলেছে। যা লুকানো, তা-ই শক্তিশালী। যা গোপন, তা-ই ভয়ের। 
উপমহাদেশের রাজনীতিতে কৌটিল্যের হাতে ‘গুপ্তচর’ শব্দের উদ্ভাবন। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রাচীন ভারতীয় দার্শনিক, অর্থনীতিবিদ ও রাজ-উপদেষ্টা চাণক্য বা কৌটিল্য তার বিখ্যাত ‘অর্থশাস্ত্রে’ লিখেছিলেন রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারের কথা। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, একটি শক্তিশালী রাষ্ট্রের মূল ভিত্তি বিশাল সেনাবাহিনী নয়, রাজকোষের বিপুল অর্থ নয়; বরং এর মূল ভিত্তি হলো ‘গুপ্তচর’ বা গোয়েন্দা ব্যবস্থা।

কৌটিল্য বিশ্বাস করতেন, রাজা গোপনে সবকিছু জানবেন। কিন্তু রাজা যে সবকিছু জানেন, সেটা কেউ জানবে না। রাষ্ট্র পরিচালনার এই নিভৃত ও অদৃশ্য পদ্ধতি থেকেই শব্দটির রাজনৈতিক জন্ম। 

কৌটিল্যের অর্থশাস্ত্রে ‘গূঢ়পুরুষ’ বা গুপ্তচরদের বিভিন্ন শ্রেণিবিভাগ করেছিলেন। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছাত্র, সন্ন্যাসী, কৃষক, ব্যবসায়ী, এমনকি বিষকন্যাদের গুপ্তচর হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের (যাদের নামের সঙ্গেই শব্দটি যুক্ত) শক্তিশালী শাসকরা গুপ্তচর নেটওয়ার্ককে রাষ্ট্রযন্ত্রের অপরিহার্য অংশ মনে করতেন। প্রকাশ্যে রাজকীয় শাসন, আর গুপ্তপথে কঠোর নিয়ন্ত্রণ—এই দ্বৈততাই ছিল প্রাচীন ভারতের ক্ষমতার আসল রহস্য।

হাশাশিন থেকে ইলুমিনাতি
প্রাচীনকাল পেরিয়ে মধ্যযুগে এবং আধুনিক যুগেও ‘গুপ্ত’ রাজনীতির বিশ্বব্যাপী প্রভাব ছিল ব্যাপক। একাদশ শতাব্দীতে মধ্যপ্রাচ্যে হাসান-ই সাব্বাহ প্রতিষ্ঠা করেছিলেন ‘হাশাশিন’ নামের একটি দুর্ধর্ষ গুপ্ত সংগঠন। এই হাশাশিনই ইংরেজিতে বলা হয় অ্যাসাসিন বা অ্যাসাসিনেশন (গুপ্ত হত্যা)। ‘হাশাশিন’ বা পাহাড়ের চূড়ায় অবস্থিত আলামুত দুর্গ থেকে পরিচালিত এই শিয়া ইসমাইলি সম্প্রদায় প্রকাশ্যে কোনো যুদ্ধে জড়াত না। তাদের কৌশল ছিল গুপ্তহত্যা ও মানসিক আতঙ্ক তৈরি করা। তারা প্রতিপক্ষ সেলজুক সাম্রাজ্যের সুলতান, উজির বা ক্রুসেডার নেতাদের গুপ্তহত্যার মাধ্যমে নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা টিকিয়ে রেখেছিল।

আধুনিক ইউরোপে গুপ্ততা
আধুনিক ইউরোপের ইতিহাসে গুপ্ততার সবচেয়ে আলোচিত উদাহরণ হলো ‘ইলুমিনাতি’। ১৭৭৬ সালের ১ মে জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্য বাভারিয়ায় অ্যাডাম ওয়াইশাউপট প্রতিষ্ঠা করলেন ‘অর্ডার অব দ্য ইলুমিনাতি’। উদ্দেশ্য ছিল, সমাজের ভেতরে থেকে, চুপচাপে, ধাপে ধাপে আলোকায়নের আদর্শ ছড়িয়ে দেওয়া। চার্চের অন্ধবিশ্বাস এবং রাজতন্ত্রের স্বৈরাচারের বিরুদ্ধে এটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক গুপ্ত বিদ্রোহ। যদিও ‘ফ্রিমেসনরি’ নামে আরেকটি সুপ্রাচীন গুপ্তসঙ্ঘ সেখানে আগে থেকে ছিল, কিন্তু অ্যাডাম মনে করলেন, তার দরকার নিজের মতো করে একটি কঠোর ও সুশৃঙ্খল গুপ্ত সাংগঠনিক কাঠামো।

তাদের পদ্ধতিটা ছিল অত্যন্ত পরিচিত— প্রকাশ্যে নিরীহ, ভেতরে আদর্শিকভাবে গভীরভাবে প্রভাবিত। তারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজেদের দলে টানত এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার চেষ্টা করত। ইলুমিনাতি আজ বিলুপ্ত হলেও বিশ্বজুড়ে ‘ষড়যন্ত্র তত্ত্বে’ গুপ্ত সঙ্ঘের প্রতীক হিসেবে এর নাম আজও উচ্চারিত হয়। ইতালির ‘কার্বোনারি’ বা রাশিয়ার বলশেভিকদের প্রাথমিক ভ্যানগার্ড ধারণাও এই গুপ্ত রাজনীতিরই আধুনিক রূপ।

আদর্শিক গুপ্ততা: মুসলিম ব্রাদারহুড ও ইসলামী আন্দোলন
ইলুমিনাতির দেড়শো বছর পরে, ১৯২৮ সালে মিশরে ব্রিটিশ উপনিবেশ ও পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে হাসান আল-বান্না প্রতিষ্ঠা করলেন ‘মুসলিম ব্রাদারহুড’ (ইখওয়ানুল মুসলিমিন)। তাদের কাজের পদ্ধতিতেও ছিল সেই একই দ্বৈত সত্তা।

প্রকাশ্যে তারা সমাজসেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও দাতব্য কাজ করত। কিন্তু ভেতরে ভেতরে এটি ছিল একটি গভীর রাজনৈতিক ও আদর্শিক আন্দোলন। হাসান আল-বান্না ‘তরবিয়াহ’ বা আদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে এমন একটি গুপ্ত বা আধা-গুপ্ত কর্মী বাহিনী তৈরি করেছিলেন, যারা দশকের পর দশক ধরে মিশরের সমাজে নিজেদের অবস্থান শক্ত করেছিল। ব্রিটিশদের দমন-পীড়ন, রাজা ফারুকের আমল এবং পরবর্তীতে জামাল আবদেল নাসের, আনোয়ার সাদাত ও হোসনি মুবারকের স্বৈরশাসনেও যখনই ব্রাদারহুড নিষিদ্ধ হয়েছে, তখনই তারা গোপনে বা ‘গুপ্ত’ অবস্থায় আরও বেশি সক্রিয় ও শক্তিশালী হয়েছে। এই মডেলটাই পরবর্তীকালে বিশ্বের বহু দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ইসলামী রাজনৈতিক আন্দোলনের নতুন পথ ও অনুপ্রেরণা হয়ে ওঠে।

বাংলায় গুপ্ততা
উপমহাদেশের বিশেষ করে বাংলার ইতিহাসে এই ‘গুপ্ত’ শব্দটি রোমাঞ্চ, আত্মত্যাগ ও দেশপ্রেমের সমার্থক। ১৯০২ সালে কলকাতায় প্রমথনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করলেন ‘অনুশীলন সমিতি’। প্রকাশ্যে এটি ছিল সাধারণ শরীরচর্চা ও লাঠিখেলা শেখার একটি সাধারণ ব্যায়ামাগার। কিন্তু ভেতরে এটি ছিল ব্রিটিশদের ভারত থেকে উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবের কঠোর গোপন প্রশিক্ষণ কেন্দ্র।

মাত্র ৩ বছরের মাথায়, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে ঢাকায় পুলিন বিহারী দাস গড়লেন ‘ঢাকা অনুশীলন সমিতি’। এরপর একে একে গড়ে ওঠে যুগান্তর, মুক্তি সংঘ, স্বদেশবান্ধব সমিতি। বাংলার এই ‘গুপ্ত সমিতি’গুলো শুধু ঐতিহাসিক তথ্য নয়, ছিল এক জীবনধারা। গীতায় হাত রেখে, আগুনের সামনে তরবারি ছুঁয়ে রক্ত দিয়ে শপথ নিতে হতো বিপ্লবীদের।

যারা এতে যোগ দিতেন, তারা জানতেন, ‘প্রকাশ’ মানেই নিশ্চিত ফাঁসি অথবা আন্দামানে সেলুলার জেলে দ্বীপান্তর। বাঘা যতীন, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন—সবার রাজনীতিই ছিল গুপ্ত। ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মহানায়ক মাস্টারদা সূর্য সেন বছরের পর বছর চট্টগ্রামের পাহাড়ে ও গ্রামে ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন। তাই উপনিবেশিক বাংলায় গুপ্ততা কোনো অপরাধ ছিল না; বরং গুপ্ততা ছিল আদর্শের সাথে সাথে বেঁচে থাকার ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রধান শর্ত। ব্রিটিশ গোয়েন্দারা তাদের নথিতে এই সমিতিগুলোকে বলত ‘সিক্রেট রেভুলিউশনারি অ্যাসোসিয়েশন’। বাংলায় এর সরল অনুবাদ দাঁড়ায়— ‘গুপ্ত বিপ্লবী সমিতি’।

চট্টগ্রামের সড়কে গুপ্ত নিয়ে লেখা। ছবি : এশিয়া পোস্ট

পূর্ব বাংলায় গুপ্ততা
পরবর্তীতে ষাট ও সত্তরের দশকে পূর্ব বাংলায় নকশালবাড়ি আন্দোলনের প্রভাবে সিরাজ সিকদারের ‘সর্বহারা পার্টি’ বা অন্যান্য বামপন্থি কমিউনিস্ট সংগঠনগুলোও এই গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতির চর্চা করেছে।

সাম্প্রতিক বাংলাদেশে গুপ্ততা
জুলাই-আগস্ট ২০২৪ এর এক অভূতপূর্ব ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর, দীর্ঘ ১৫ বছরের শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতা ও রূপান্তর তৈরি হয়েছে, তা পূরণ করতে মাঠে নেমেছে নানামুখী রাজনৈতিক শক্তি। এই ক্ষমতার প্রতিযোগিতার মাঠে ‘গুপ্ত’ শব্দটি হঠাৎ করেই নতুন মাত্রা ও জীবন পেয়ে যায়। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে এর আগে হয়তো কখনো এত ঘনঘন এবং আক্রমণাত্মকভাবে ‘গুপ্ত’ শব্দটি উচ্চারিত হয়নি।

নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এসে অভিযোগ ও পালটা অভিযোগের মূল ভিত্তি দাঁড়িয়েছে এই শব্দটির ওপর। অভিযোগটা ছিল মূলত এ রকম— কেউ কেউ প্রকাশ্যে এক পরিচয় ধারণ করে ভেতরে ভেতরে অন্য আদর্শ লালন করছেন।

বিএনপির বয়ান
আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন রাষ্ট্রীয় দমন-পীড়নের কারণে জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি বিরাট অংশ প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। তারা অনেকটা ‘গুপ্ত’ বা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা প্রকাশ্যে এসেছে। কিন্তু বিএনপি ও ছাত্রদলের অভিযোগ হলো, বিগত ১৫ বছর শিবিরের অনেক নেতাকর্মী নিজেদের পরিচয় গোপন করে বা ‘গুপ্ত’ থেকে সাধারণ ছাত্র অধিকার আন্দোলন, কোটা আন্দোলন, এমনকি অন্যান্য রাজনৈতিক দলে অনুপ্রবেশ করেছে।

ছাত্রশিবিরের পাল্টা জবাব
সম্প্রতি শিবিরের পক্ষ থেকে বিএনপি ও ছাত্রদলকে উদ্দেশ করে পাল্টা ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করা হচ্ছে। ছাত্রশিবিরের সভাপতি এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলেছেন, ‘ছাত্রদলের যারা ছাত্রলীগের ভেতরে গুপ্ত ছিল তারাই এখন অপকর্ম করছে এবং তার দায়ভার অন্যদের ওপর চাপাচ্ছে।’

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে যে ‘গুপ্ত’ লেখা হয়েছিল, সেটা নিছক কোনো দেয়াল লিখন নয়; এটি আসলে একটি গভীর রাজনৈতিক অভিযোগ। ছাত্রদল বা তাদের সমমনাদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বলা হচ্ছে— তারা নিষিদ্ধ বা কোণঠাসা থাকার সময়েও সাধারণ ক্যাম্পাসে ছিল, এখনও আছে, কিন্তু ‘গুপ্ত’ অবস্থায়। তারা তাদের আদর্শিক পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজনীতি করছে।

এর পাল্টা যুক্তিতে শিবির বলছে— ‘আমরা গুপ্ত নই, আমরা প্রকাশ্যে রাজনীতি করছি। আমাদের গঠনতন্ত্র, আমাদের দাবিদাওয়া সবই এখন মানুষের সামনে।’

চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়কের সরল প্রশ্নটা আসলে বর্তমান রাজনীতির সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নকে ছুঁয়ে যায়: ‘তারা যদি গুপ্ত না হয়, তাহলে শব্দটি লেখায় তাদের কেন গায়ে লাগল এবং কেন তারা এটি মুছতে গিয়ে সংঘর্ষে জড়ালো?’

রাজনীতিতে কোনো একটি লেবেল বা তকমা যদি একবার গায়ে বসে যায়, তবে তা জনমানসে নেতিবাচক প্রভাব ফেলে। ‘গুপ্ত’ মানেই হলো অসততা, ষড়যন্ত্র বা দ্বৈত নীতির অভিযোগ, যা কোনো রাজনৈতিক দলই মেনে নিতে চায় না। সে কারণেই হয়তো ছাত্রশিবির প্রতিক্রিয়া দেখিয়েছে।

চট্টগ্রামের সরকারি সিটি কলেজের যে দেয়াল লিখন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এশিয়া পোস্ট

‘গুপ্ত’ শব্দের রাজনৈতিক অর্থনীতি ও বিশ্লেষণ
ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সমসাময়িক ঘটনাপ্রবাহ ঘাঁটলে দেখা যায়, ‘গুপ্ত’ শব্দটির রাজনৈতিক ব্যবহার ও অর্থনীতি মোটাদাগে চারটি সুনির্দিষ্ট ভাগে বিভক্ত:

১. বিপ্লবী ও প্রতিরোধমূলক গুপ্ততা: অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকার জন্য এটি ব্যবহার হয়। বাংলার অনুশীলন সমিতি, মাস্টারদা সূর্য সেনের দল, ব্রিটিশবিরোধী ‘ভারত নওজোয়ান সভা’, আয়ারল্যান্ডের ‘আইরিশ রিপাবলিকান আর্মি’, কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের ‘রেজিস্টেন্স মুভমেন্ট’ গুপ্ত ছিল শুধুমাত্র বাঁচার এবং লড়াই চালিয়ে যাওয়ার জন্য। একটি শক্তিশালী ঔপনিবেশিক বা স্বৈরাচারী শাসনযন্ত্রের বিরুদ্ধে এই ধরনের গুপ্ততা ছিল নৈতিকভাবে ন্যায়সংগত এবং বীরত্বপূর্ণ।

২. কৌশলগত ও আদর্শিক গুপ্ততা: আধুনিক বিশ্বে বহু আদর্শভিত্তিক সংগঠন গুপ্ততা ব্যবহার করেছে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট হাতিয়ার হিসেবে। মিশরের মুসলিম ব্রাদারহুড থেকে শুরু করে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলো এই নীতি গ্রহণ করেছিল। এর মূল মন্ত্র হলো— প্রকাশ্যে সমাজের কাছে একটি গ্রহণযোগ্য ও সেবামূলক মুখোশ বা আবরণ রাখা, আর ভেতরে মূল রাজনৈতিক ও ধর্মীয়/মতাদর্শিক দীক্ষা চালিয়ে যাওয়া। রাষ্ট্র যখন বৈরী আচরণ করে, তখন এই কৌশল তাদের সংগঠন টিকিয়ে রাখতে সাহায্য করে।

৩. সাইবার বা ডিজিটাল গুপ্ততা: একুশ শতকে ‘গুপ্ত’ রাজনীতির নতুন রূপ হলো সাইবার স্পেস। ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে দেখা গেছে, স্বৈরাচারের ইন্টারনেট শাটডাউন বা ক্র্যাকডাউনের বিপরীতে ছাত্ররা টেলিগ্রাম, ভিপিএন (VPN) এবং ফেক আইডির মাধ্যমে ‘গুপ্ত’ সমন্বয় নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এখানে পরিচয় গোপন রাখাটা ছিল ডিজিটাল যুগের এক নতুন ধরনের ‘গুপ্তচরবৃত্তি’, যা রাষ্ট্রযন্ত্রকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল।

৪. ট্যাগিং হিসেবে গুপ্ততা : এটিই বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ‘গুপ্ত’ বলে চিহ্নিত করা। অর্থাৎ প্রতিপক্ষকে জনসম্মুখে বলা: ‘তুমি যা দেখাচ্ছ তা তুমি নও, তোমার আসল পরিচয় লুকানো, তুমি একজন অনুপ্রবেশকারী বা স্লিপার সেল।’ এটি বর্তমান সময়ে রাজনৈতিকভাবে সবচেয়ে কার্যকর এবং একই সঙ্গে বিপজ্জনক মনস্তাত্ত্বিক অস্ত্রগুলোর একটি।

চট্টগ্রাম সিটি কলেজের একটি দেয়ালের একটিমাত্র শব্দ প্রমাণ করে, রাজনীতি কেবল মাঠের দখলদারি নয়, এটি শব্দেরও লড়াই। যে দল জনগণের সামনে যত বেশি স্বচ্ছ ও স্পষ্ট হতে পারবে, গণতান্ত্রিক সমাজে তারাই তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। ‘গুপ্ত’ থাকাটা হয়তো স্বৈরাচারী বা ঔপনিবেশিক আমলে টিকে থাকার কৌশল হতে পারে, কিন্তু একটি মুক্ত ও স্বাধীন গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক দলগুলোর পরিচয়, উদ্দেশ্য ও কাঠামো স্বচ্ছ হওয়া উচিত। 

[ প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো এশিয়া পোস্টের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের যথার্থতা ও মতামতের দায়িত্ব লেখকের নিজস্ব; এ বিষয়ে এশিয়া পোস্ট কর্তৃপক্ষের অবস্থান নিরপেক্ষ। ]