চট্টগ্রাম অঞ্চলে বন্যার্তদের পাশে সেনাবাহিনী ও বিজিবি

চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে এক বিজিবি সদস্যকে বন্যার্ত এক শিশুকে কাঁধে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে দেখা যায়।

অতি বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ক্রাইক্ষংপাড়া এলাকার ১২২টি পরিবারকে উদ্ধার করে শহীদ মোশাররফ বিজিবি স্কুল ও ক্রাইক্ষংপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় প্রদান করা হয়।

বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে পরিচালিত এ উদ্ধার অভিযানে বন্যাদুর্গতদের জন্য নিরাপদ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলগুলোতে আটকে পড়া মানুষদের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা বরাবরের মতোই দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।




