আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে পূর্ণিমার উচ্ছ্বাস

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের মহাকাব্যিক ৩-২ গোলের জয় ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন অতিমানবীয় প্রত্যাবর্তন ছুঁয়ে গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকেও।

খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও তার দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাস দেন পূর্ণিমা। তিনি লিখেছেন, ‘আজকের রাতটা যেন শুধুই আর্জেন্টিনার!’

তিনি আরও লেখেন, ‘যখন সবাই ভেবেছিল সব শেষ, ঠিক তখনই মেসি ও তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো হাল ছাড়ে না। সাহস, আবেগ আর অদম্য বিশ্বাসে তারা ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে। আলহামদুলিল্লাহ।’

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই চিত্রনায়িকার পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার ফুটবলপ্রেমী সেখানে মন্তব্য করে পূর্ণিমার সাথে জয়ের আনন্দ ভাগ করে নেন।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ২ বা তার বেশি গোলে পিছিয়ে থেকে ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা এই শ্বাসরুদ্ধকর জয়ের সুবাদে মিশরকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখলো আর্জেন্টিনা, যা কোটি ভক্তের সাথে বাংলাদেশের শোবিজ তারকা পূর্ণিমাকেও ভাসিয়েছে আনন্দের বন্যায়।




