স্টেডিয়ামেই ব্রাজিলের বিদায় উদযাপন করলেন মেহজাবীন

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করে নিজের প্রতিক্রিয়া জানান।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে নিয়ে রসিকতা করেন।

গ্যালারি থেকে তোলা নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

স্টেডিয়ামে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরিহিত মেহজাবীনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাও দেখা যায়।

শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মেহজাবীন।

পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় উদযাপনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’




