Advertisement

ক্রীড়াঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের

এশিয়া পোস্ট নিউজ
ক্রীড়াঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় তার কর্মকাণ্ডে পরিকল্পিত প্রতিবন্ধকতা সৃষ্টি ও স্পোর্টস মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ক্রীড়াঙ্গনে নানা বাধা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ। 

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, গত দেড় বছরে ক্রীড়া উন্নয়নের উদ্যোগ নিতে গিয়ে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন তিনি এই একজনের কাছ থেকেই। তার ভাষ্য অনুযায়ী, একাধিকবার ব্যর্থ হওয়ার পরও ওই ব্যক্তি থেমে থাকেননি এবং নির্বাচনে পরাজয়ের ক্ষোভও ব্যক্তিগতভাবে তার ওপর চাপিয়ে দিচ্ছেন।

স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, ফুটবল ফেডারেশন দখলের চেষ্টা, ক্রিকেট বোর্ডে প্রভাব বিস্তার এবং বিভিন্ন ফেডারেশনের প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণের চেষ্টাসহ একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্রীড়াঙ্গনে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাইলেও প্রতিনিয়ত অসহযোগিতা ও বাধার সম্মুখীন হয়েছেন।

আসিফ মাহমুদ জানান, ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিতে সংশ্লিষ্ট ব্যক্তির পরামর্শে একজনকে অন্তর্ভুক্ত করা হলেও পরে সেই সদস্য বিভিন্ন ফেডারেশনের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করায় তাকে অপসারণ করা হয়। অপসারণের পর তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

স্ট্যাটাসে স্পোর্টস মিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা করেন সাবেক এই উপদেষ্টা। তার অভিযোগ, ক্রীড়া সংশ্লিষ্ট কিছু গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অনিয়ম ও প্রভাবশালীদের সরিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।