logo

ভোট চুরির পরিণতি হবে হাসিনার মতো : হাসনাত

ভোট চুরির পরিণতি হবে হাসিনার মতো : হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে। এবার যারা ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদের হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাই বাড়ি মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন অনেকে। যারা এই পরিকল্পনা করছেন তারা সাবধান হয়ে যান। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা ফজর নামাজ পড়েই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে।

ভোট চুরির পরিণতি ভয়াবহ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদের বেঁধে পুলিশে দেবেন। ভোট চুরি ঠেকাতে এবার রাজনৈতিক নেতাদের দরকার নেই। জুলাই আন্দোলনের সময় যেসব মা-বোন রাস্তায় দাঁড়িয়ে পানি খাইয়েছে তারাই ভোট চুরি ঠেকাবেন। 

১১ দলীয় জোটের এই নেতা বলেন, একটি দল গণভোট নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেছ হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনে দুটি ভোট দেবেন, একটি শাপলাকলি আরেকটি হ্যাঁ ভোট, যা বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাও. তাজুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াত আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি জামসেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার, উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জি. ঈসমাঈল হোসেন প্রমুখ।