খেলাফত আন্দোলনের আমির আবু জাফর, মহাসচিব ফখরুল

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ২০২৭-২০৩০ সেশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন আল্লামা আবু জাফর কাসেমী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন মুফতি ফখরুল ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২৮ নভেম্বর) সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরা সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।
শুরার অধিবেশনে গঠনতন্ত্র সংস্কার কমিটি কর্তৃক প্রস্তাবিত গঠনতন্ত্রের ১৪-এর ঘ ধারায় বলা হয়েছে, আমিরের অবর্তমানে সিনিয়র নায়েবে আমির এবং মহাসচিবের অবর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করবেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দলের কেন্দ্রীয় সংগঠনের চারটি পরিষদ থাকবে। ১৫ নং ধারার ১ এর ক ধারায় দলের মজলিসে শুরার সদস্য সংখ্যা ২০১ জন থেকে বাড়িয়ে ৩১৩ জন করা হয়েছে। ১৫ এর ২নং ধারা অনুযায়ী মজলিসে আমেলার সদস্য সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১৫১ জন করা হয়েছে। এ ছাড়া ৩৯ এর ক ধারায় দুই বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে মজলিসে আমেলার মেয়াদ।
এদিকে গঠনতন্ত্রের ৪৫ এর ক ধারাটিও সব সদস্যদের মতামতের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় কাউন্সিলে মজলিসে শুরা সদস্যদের ভোটে নির্বাচিত আমির ও মহাসচিবসহ পূর্ণাঙ্গ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।


