রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা এনসিপির

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া ওমরাহযাত্রী থাকার আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এনসিপির নেতারা এই হামলায় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। সংকট নিরসনে এনসিপি বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি একাধিক জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত ও আহত বাংলাদেশিদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা। এবং হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এ ছাড়া বিমান চলাচলে বিঘ্ন ঘটায় আটকে পড়া ওমরাযাত্রী সব সাধারণ যাত্রীদের জরুরি সেবা ও সহযোগিতা নিশ্চিত করা।
বিবৃতিতে এনসিপি উল্লেখ করে, বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের মৌলিক শর্ত। দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নিরসনে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়।
