logo

আলপন অনুষ্ঠানে শ্যামল মালুম/৫ আগস্টের পর ‘বৈষম্যবিরোধী’ প্ল্যাটফর্ম দখল করেছিল জামায়াত-শিবির

৫ আগস্টের পর ‘বৈষম্যবিরোধী’ প্ল্যাটফর্ম দখল করেছিল জামায়াত-শিবির
শ্যামল মালুম। ছবি: সংগৃহীত

৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির দখল করে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা সর্বজনীন এই প্ল্যাটফর্মকে বিভিন্ন ক্যাম্পাসে কুক্ষিগত করা হয়েছিল।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

শ্যামল মালুম বলেন, তিতুমীর কলেজ, বাংলা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নো স্টুডেন্ট পলিটিক্স’ বা ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করা হয়েছিল। এ সময় উপাচার্য ও প্রক্টরদেরও চাপে রাখা হয়। তবে পরবর্তীতে দেখা যায়, ওই আন্দোলনের অগ্রভাগে থাকা অনেকেই বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তিনি বলেন, ছাত্রসমাজের সামনে এক ধরনের অবস্থান তুলে ধরা হলেও পরে ভিন্ন বাস্তবতা সামনে এসেছে। এ ধরনের আচরণ সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামল মালুম আরও বলেন, নতুন ছাত্রসংগঠন ‘ছাত্রশক্তি’ অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরে চাঁদাবাজিতে জড়িত ছিল। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মব তৈরির প্রবণতাও দেখা গেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ছাত্রদল দেশের বৃহৎ ছাত্রসংগঠন হওয়া সত্ত্বেও কোনো শিক্ষার্থীর ওপর নিপীড়ন চালায়নি এবং জবরদখলের রাজনীতি সমর্থন করে না। সংগঠনের কেউ কোনো অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের কাছেও সোপর্দ করা হচ্ছে বলে জানান তিনি।