logo

বিএনপি প্রার্থী মিল্টনের বিরুদ্ধে ‘ভুয়া’ পরিচয় দেওয়ার অভিযোগ

বিএনপি প্রার্থী মিল্টনের বিরুদ্ধে ‘ভুয়া’ পরিচয় দেওয়ার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দেওয়া অভিযোগ উঠেছে।

মিল্টন হলফনামায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির কথা উল্লেখ করলেও বিভিন্ন জায়গায় নিজেকে মনিপুর স্কুলের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শফিকুল ইসলাম খান মিল্টন বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে মনিপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছেন। বিষয়টি নজরে এলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের সংরক্ষিত শিক্ষার্থী নথি, মূল রেজিস্টার ও অ্যালামনাই ডাটাবেজ যাচাই করে। সেখানে ওই ব্যক্তির নাম কখনই মনিপুর স্কুলের কোনো ব্যাচের শিক্ষার্থী তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।

এতে আরও বলা হয়, শফিকুল ইসলাম খান মিল্টন যে দাবি করে বেড়াচ্ছেন, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এ ধরনের মিথ্যা পরিচয় প্রদান ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত অনৈতিক এবং দুঃখজনক। এতে মনিপুর স্কুলের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রকৃত প্রাক্তন শিক্ষার্থীদের মর্যাদাও প্রশ্নবিদ্ধ হয়।

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায়।

রাজধানীর মিরপুর (ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪), ক্যান্টনমেন্ট (ডিএনসিসি ওয়ার্ড ১৬) এলাকা নিয়ে ঢাকা-১৫ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। 

আসনটিতে আটজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মধ্যে।

সম্প্রতি সোচ্চারের জনমত জরিপে দেখা গেছে, এই নির্বাচনে ৪৯ দশমিক ২ শতাংশ ভোটার মনে করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হবেন। মিল্টনকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোটার।