‘বাংলাদেশের রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্বের বিকল্প নেই’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘বাংলাদেশের রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্বের বিকল্প নেই’
সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। ছবি : এশিয়া পোস্ট

নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে শুদ্ধ করতে তরুণ প্রজন্মের প্রয়োজনীয়তা নিয়ে অত্যন্ত জোরালো ও আশাবাদী বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারী সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

মারদিয়া মমতাজ বলেন, ‘বাংলাদেশের রাজনীতির জরাজীর্ণ রূপ পরিবর্তনের একমাত্র উপায় হলো নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা। দেশের রাজনীতিতে এখন তরুণদের প্রতিনিধিত্বের কোনো বিকল্প নেই। চব্বিশের আন্দোলনে তরুণরা যেভাবে নিজের জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছে, তা প্রমাণ করে তারা দেশের জন্য কতটা দায়বদ্ধ। এই তরুণরা কেবল আবেগী নয়, বরং তারা অনেক বেশি তথ্যসমৃদ্ধ ও প্রযুক্তি সচেতন।’

তিনি আরও বলেন, ‘পুরোনো রাজনৈতিক মেরুকরণ আর চাটুকারিতার যে সংস্কৃতি দেশে জেঁকে বসেছে, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো তরুণদের হাতে নেতৃত্বের বাটন তুলে দেওয়া। তরুণরা এখন বিশ্বরাজনীতি বোঝে এবং তারা চায় একটি মেধানির্ভর ও স্বচ্ছ শাসনব্যবস্থা। তাদের যদি রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ পদে জায়গা দেওয়া না হয়, তবে রাজনীতিতে সেই পুরোনো প্রথাই টিকে থাকবে।’

জামায়াতের এই নারী সংসদ সদস্য বলেন, আমরা যদি তরুণদের কেবল মিছিলের লোক হিসেবে ব্যবহার করি এবং সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের দূরে সরিয়ে রাখি, তবে দেশ এগোবে না। তরুণদের চিন্তা ও কাজের ধরন অনেক বেশি গতিশীল। তারা কোনো বিশেষ গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়, বরং দেশের মানুষের কাছে দায়বদ্ধ।

তাই একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে হলে সংসদ থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি স্তরে তরুণদের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি বলে মনে করেন তিনি।