যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার নারী আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার হাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, যাত্রাবাড়ী থানার হাজত থেকে পালানো নারী আসামি মিতুকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের করা রাসেল হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ডের শেষ দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতির মধ্যেই কৌশলে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান।
পরে তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে পুলিশ। প্রায় ৪০ ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে মিতু আক্তারকে আটক করা হয়।
এর আগে ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর মুহসীন মাসুদ রানা জানিয়েছিলেন, তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী থানাহাজত থেকে কৌশলে পালিয়ে যান। ওই দিনই তার রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।



