বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার শেষ দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন এলাকায় ধারাবাহিক জনসভা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনভর প্রচারণা শেষে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী কমলাপুর পীর জঙ্গি মাজার ও বাসাবো খেলার মাঠ আসন এলাকায় জনসভায় অংশ নেন তারেক রহমান। এরপর তিনি যাত্রাবাড়ীর ফারুক রোডে আরেকটি জনসভায় বক্তব্য দেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে ধুপখোলা খেলার মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সব জনসভা শেষ করে রাত আনুমানিক রাত ১১টার দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের সময় তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন।
এ সময় তার সঙ্গে দলের নেতারা ছাড়াও নিকট আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।