কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই গুপ্ত রাজনীতি চলতে দেব না: নাছির উদ্দীন

দেশের কোথাও আর গুপ্ত রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। বুধবার (২২ এপ্রিল) বিকেলে নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, চট্টগ্রামসহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা গুপ্ত রাজনীতি চলতে দেব না। যারা গোপনে হামলা চালিয়ে উল্টো দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে, তারা সুস্থ রাজনৈতিক পরিবেশে বিশ্বাসী নয়।
তিনি বলেন, আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমাদের অবস্থান স্পষ্ট। মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কোনো বক্তব্য পছন্দ না হলে পাল্টা বক্তব্য দেওয়া যেতে পারে, কিন্তু হামলার পথ বেছে নেওয়া ন্যক্কারজনক।
শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনায় ছাত্রদলের বহু নেতাকর্মী আহত হয়েছেন। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম রবি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল প্রমুখ।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লিখে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।