‘আ.লীগকে ভয় পেয়ে গোপালগঞ্জে পথসভা করবেন না, এটা হতে পারে না’

জামায়াতে ইসলামীর লংমার্চের রুটে গোপালগঞ্জে কোনো পথসভা বা বিরতি কর্মসূচি না রাখার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেছেন, আওয়ামী লীগকে ভয় পেয়ে গোপালগঞ্জে পথসভা না করার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। নৈতিক সাহস থাকলে সেখানে গিয়ে পথসভা করে নিজেদের শক্তি দেখানো উচিত।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) জামায়াতে ইসলামীর আয়োজিত লংমার্চ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, খুলনা বিভাগের সাধারণ মানুষের এ কর্মসূচি নিয়ে কোনো আগ্রহ নেই। সাধারণ মানুষ এতে অংশ নেবে না এবং খুলনাবাসীও কর্মসূচিটি প্রত্যাখ্যান করবে বলে তিনি দাবি করেন।
জামায়াতের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়ার কথা বলে। অথচ লংমার্চের রুটে গোপালগঞ্জে কোনো পথসভা বা বিরতির ব্যবস্থা রাখা হয়নি।
এ সময় জামায়াত এখনও আওয়ামী লীগকে ভয় পায় কি না, সেই প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে ভয় পেয়ে গোপালগঞ্জে পথসভা করবেন না, এটা তো হতে পারে না। নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে গিয়ে পথসভা করে নিজেদের শক্তি দেখানো উচিত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগের গোপালগঞ্জমুখী লংমার্চের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ওই কর্মসূচিতে হামলার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করেছিল। এমন পরিস্থিতির কথা উল্লেখ করে জামায়াত কেন গোপালগঞ্জে কর্মসূচি রাখেনি।
