যুবদলের কমিটি নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত নেতাদের সাক্ষাৎ

জাতীয়তাবাদী যুবদলের সম্প্রতি ঘোষিত কমিটি পুনর্গঠন ও ত্যাগীদের মূল্যায়নের দাবিতে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত সিনিয়র নেতারা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গত ৪ জুন ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।
তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ের রাজপথের ত্যাগী ও পরীক্ষিত যুবনেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি, পদবাণিজ্য এবং অনৈতিক পন্থায় দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
পদবঞ্চিত নেতাদের দাবি
বিতর্কিতদের তালিকা প্রকাশ: অযোগ্য, বিতর্কিত ও অনৈতিক উপায়ে পদ বাগিয়ে নেওয়া ব্যক্তিদের নাম ও পদবি উল্লেখ করে অতি দ্রুত সংবাদমাধ্যমে প্রকাশ করার জন্য যুবদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান তারা।
তদন্ত ও মূল কমিটিতে অন্তর্ভুক্তি: দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অযোগ্য ও বিতর্কিতদের বহিষ্কার করে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
পদবঞ্চিত নেতাদের বক্তব্য ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি নেতাদের আশ্বাস দিয়ে বলেন, যুবদলের কমিটি নিয়ে বিদ্যমান সমস্যা সম্পর্কে আমি এবং দলের চেয়ারম্যান সম্পূর্ণ অবগত আছি। খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু সমাধান করা হবে।
যুবদলের পদবঞ্চিত সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির, যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন সুমন দেওয়ান, সাবেক সহক্রীড়াবিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, মাহমুদ খান ও মাইন উদ্দিন সুজন প্রমুখ।
.png)


