logo
Advertisement

সরকারের চাহিদামতো কওমি সনদের মান চাই না: ছাত্র জমিয়ত সভাপতি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সরকারের চাহিদামতো কওমি সনদের মান চাই না: ছাত্র জমিয়ত সভাপতি
ইসলামী ছাত্র মজলিস আয়োজিত জাতীয় ছাত্র কনভেনশনে কথা বলছেন রিদওয়ান মাজহারী। শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে। ছবি: সংগঠনের মিডিয়া সেল

কওমি শিক্ষার স্বকীয়তা ও আদর্শ অক্ষুণ্ন রেখে কওমি সনদের মান কার্যকরের দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী। তিনি বলেন, সরকার যেভাবে চায়, সেভাবে কওমি সনদের মান চাই না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত জাতীয় ছাত্র কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিদওয়ান মাজহারী বলেন, ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি যুগোপযোগী, এ দাবি পেশের জন্য তাদের ধন্যবাদ। এ দেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার কারণে বিভিন্ন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দুঃখের কথা কি বলব, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অজপাড়াগাঁয়ে শিক্ষাব্যবস্থার যে দুরবস্থা, বৃষ্টি হলে শিক্ষার পরিবেশ থাকে না, আবার গরমকালে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগই থাকে না।

দেশের সব নাগরিককে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাখাতে প্রয়োজনে ১৫ শতাংশ বরাদ্দ দিতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, এ না হলে দক্ষ নাগরিক তৈরিতে ব্যর্থতার দায়ে সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

কওমি সনদের বিষয়ে রিদওয়ান মাজহারী বলেন, কওমি সনদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে বলা হয়েছে, তা নিয়ে বাংলাদেশে প্রায় দুই যুগ ধরে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের কওমি নেতৃত্ব যেভাবে কওমি শিক্ষার আদর্শ ও স্বকীয়তা রক্ষা করে কওমি সনদের দাবি জানিয়ে আসছে, সরকারকে সেভাবেই কওমি সনদের মান কার্যকর করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা বলেছেন, ২০০১ সালে যখন তারা ক্ষমতায় ছিলেন, তখন কওমি সনদের স্বীকৃতি দিতে চেয়েও দুয়েকটি দলের বাধার কারণে দিতে পারেননি। এই ধরনের তামাশাপূর্ণ বক্তব্য আমরা আর শুনতে চাই না। আপনারা সরকারের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত ছিলেন; সুতরাং কোনো দলের বাধার অজুহাত না দিয়ে এই ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে।