বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় ইসহাক সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন ইসহাক সরকার। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ইসহাক সরকারের বিরুদ্ধে ৩৬৫টি মামলা করে। এরমধ্যে ১১ মামলায় তার সাড়ে ২২ বছরের কারাদণ্ড হয়।
লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির আংশিক নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। ব্যবসা নির্ভর এলাকা, ভৌগোলিক ও ঐতিহাসিক কারণে গুরুত্ব আছে আসনটির। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবার সমীকরণে বদলে হাত বদলের শঙ্কা করছেন অনেকে। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমানের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে নিজ বিদ্রোহী প্রার্থী ইসহাক সরকার। এছাড়াও আসনটিতে জামায়াতে ইসলামীর সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে লড়াই করছেন এনায়েত উল্লাহ।