বিএনপি জনগণের সঙ্গে কারসাজি করে ক্ষমতায় বসেছে: মাসুদ

বিএনপি জনগণের সঙ্গে কারসাজি করে ক্ষমতায় বসেছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। রোববার (৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো নির্বাচন হয়নি। বিএনপি জনগণের সঙ্গে কারসাজি করে ক্ষমতায় বসে গেছে। আগের নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের মধ্যে কোনো তফাত দেখছি না। বিএনপি সরকারের চেয়ে অর্ন্তবর্তী সরকারের আমল ভালো ছিল।’
তিনি বলেন, ‘যদি ক্ষমতাসীনদের চাঁদাবাজি বন্ধ করা যায়, তাহলে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন দেওয়া কোনো বিষয় না। কিন্তু চাঁদাবাজির কারণে বেতন বৃদ্ধি করা যায় না। বিএনপির ৩১ দফায় তারা বলেছিল, ক্ষমতায় যাওয়ার পর তারা অন্তত ২ বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করবে না। কিন্তু তারা জনগণকে দেওয়া কোনো কথা এখন পর্যন্ত রাখতে পারেনি। জুলাই সনদ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এ থেকে বোঝা যায়, এ সরকার জনগণের সরকার না।’
সমাবেশে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘৩ হাজার টাকা ছাড়া এলপিজি গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরকার বারবার সবকিছুর দাম বৃদ্ধি করছেন। শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে।’


