logo

আওয়ামী লীগের লেবাস পরে বিএনপি দেশ শাসন করতে চাচ্ছে: এ টি এম আজহার

আওয়ামী লীগের লেবাস পরে বিএনপি দেশ শাসন করতে চাচ্ছে: এ টি এম আজহার
বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

সরকারের গত আট মাসের কার্যক্রমের সমালোচনা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি।

ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রোববার (১ নভেম্বর) বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশ ও পরবর্তীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, গত আট মাসে একটা সরকার এত ব্যর্থতার পরিচয় দিতে পারে তা তিনি আগে কখনো দেখতে পাননি এবং বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

এ টি এম আজহার আরও বলেন, আমি নিজেও একজন জনগণের প্রতিনিধি হিসেবে এলাকায় গেলে জনগণের কাছ থেকে নানা ক্ষোভের কথা শুনতে পাই এবং নতুন করে জুয়া খেলা আরম্ভ করার মাধ্যমে আমাদের লোকদের পাশাপাশি যুবসমাজকে নষ্ট করা হচ্ছে, এমনকি সীমান্ত এলাকা থেকে মদ ও মাদক নিয়ে এসে যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা চলছে।

সরকারের বিভিন্ন মন্ত্রী ও মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এদের মন্ত্রণালয়ে কোনো খবরদারি নাই এবং সামগ্রিকভাবে সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে, সরকারকে অবিলম্বে সেই জনগণের দাবি মেনে নিতে হবে।

লংমার্চ ও লং ড্রাইভের সমালোচনা করে এই নেতা বলেন, আপনারা বলেন আমরা লংমার্চের নামে লং ড্রাইভে যাই। গাড়ির তেল খরচ করি, রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে রাখি। দুই দিন ধরে টঙ্গীতে অবরোধ চলছে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না এবং ভাঙচুর হচ্ছে, আপনারা এর জন্য কাকে দায়ী করবেন? এই পরিস্থিতি কেন সামলাতে পারছেন না? খেটে খাওয়া সাধারণ মানুষ ও শ্রমিকদের দাবি উপেক্ষা করে যারা কেবল আপনাকে ক্ষমতা টিকিয়ে রাখবে তাদের বেতন বাড়াবেন আর খেটে খাওয়া মানুষের বেতন বাড়াবেন না।

তিনি আরও বলেন, অতীতেও আওয়ামী লীগ একই পলিসি নিয়ে চলার কারণে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সবাই দেখেছে। বড় বড় টাকা-পয়সার প্রজেক্টে হাত দিয়ে কমিশন বাণিজ্য ও টেন্ডারবাজি করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। টাকা থাকলেই টাকা মারা যায়, কিন্তু দেশের জনগণের খবর না রেখে দেশ-বিদেশ ঘুরে কমিশন খাওয়ার রাজনীতি দিয়ে দেশ চালানো সম্ভব নয়।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এই নির্বাচন কমিশনকে দিয়ে আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় এবং দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

এ টি এম আজহার বলেন, কালকের লংমার্চ প্রমাণ করেছে যে দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং সরকারের কানে যদি পানি না যায়, তবে অপেক্ষা করুন, জনগণকে আমাদের এক দফা দাবি দিতে হবে না, বরং জনগণ রাজপথে নেমে আপনাদের ক্ষমতা থেকে সরাবে ইনশাআল্লাহ।