logo

নিজের সুবিধামতো আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নিজের সুবিধামতো আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি: মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: এবি পার্টির সৌজন্যে

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি। বিএনপির সৌভাগ‍্য হচ্ছে জনগণের ভোটে তারা বারবার নির্বাচিত হয়, কিন্তু দুর্ভাগ্য হলো ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে তারা যে কালাকানুন তৈরি করে পরে সেটার অপপ্রয়োগের প্রধান শিকারে পরিণত হয় তারা।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সাইবার সুরক্ষা আইনের সংশোধনী প্রস্তাবনায় ২৬/ক ধারায় ‘অযাচাইকৃত তথ্য’ ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই অস্পষ্টতার অপব্যবহার বা অপপ্রয়োগ সরকার একতরফাভাবে বিরোধী মত ও পক্ষের ওপর করবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক একটি রাজনৈতিক দলের (জামায়াতে ইসলামী) সেক্রেটারি জেনারেলকে ইঙ্গিত করে দাবি করেছেন যে, তার নাকি ৭০০ অটোরিকশা রয়েছে। এটা কি অযাচাইকৃত তথ‍্য না? তাহলে এখন তো এই প্রশাসকের ১০ বছর জেল হওয়া উচিত।

মঞ্জু বলেন, বিএনপির একশ্রেণির নেতাকর্মীদের সন্ত্রাস ও দখলদারত্ব দেখে মনে হয় তারেক রহমান এসব নেতাকর্মীদের নামকওয়াস্তে নেতা, বাস্তবে তাদের আধ‍্যাত্মিক ও নির্বাহী নেতা হলেন শেখ হাসিনা।

সাইবার স্পেসে অশালীন ভাষা ও মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ অশালীনতা করলেই শুধু গ্রেপ্তার বা অ‍্যাকশন হয় কিন্তু বিরোধীপক্ষের বিরুদ্ধে গালিগালাজ বা অশ্লীলতার কোনো বিচার হয় না, এটা যেন কোনো অন‍্যায় নয়।

তিনি সরকারের নানা দ্বৈত নীতির সমলোচনা করে বলেন, নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি।