আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতি নিয়ন্ত্রণ করা, অর্থনীতি সচল করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করবে দলটি।
এটি আনন্দময়-বিষাদময়
নির্বাচনের ফল নিয়ে নিজের অনূভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এই ফলাফল এক হচ্ছে আনন্দময়, আরেকটা হচ্ছে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়।
তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটা চমৎকার উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি অভিভূত, মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলো- এ নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
বিমানবন্দর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।