ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন: বিএনপিকে পরওয়ার

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। তা ছাড়া আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে অংশ নেব আমরা। জনগণ সেখানেও তাদের জবাব দেবে।
রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর এক স্কুল মাঠে জামায়াতের বরিশাল মহানগরীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
রমজানের ফজিলত সম্পর্কে তিনি বলেন, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধু তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জীবন বিধান। এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ন্যায়বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। এই বিধান ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায়, তাহলেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ওসি-ডিসি, এমপি-মন্ত্রী সবাই যদি তাকওয়াবান হন, তাহলে সমাজে কোনো অনিয়ম, শোসন, জুলুম থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, এবার সারা দেশে ইসলামের পক্ষে জাগরণ উঠেছিল। মানুষ ভোটও দিয়েছিল, কিন্তু সেই ভোটকে কেড়ে নেওয়া হয়েছে; তা সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যে স্পষ্ট হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।
আরও বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর শিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রমুখ।
এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা ও মহানগর নেতাসহ অন্যান্য রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।