Advertisement

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
শুক্রবার গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (১৯ জুন) সকাল ৭টায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় মিছিলটি শুরু হয়। বিএনএস সেন্টারসংলগ্ন এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নেতা মোদের শেখ মুজিব’, ‘ডাক দিয়েছেন নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘দিয়েছি রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘রাজপথ হাসবে, শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে প্রদর্শিত ব্যানারটি যাচাই করে জানা গেছে, বিক্ষোভ মিছিলটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈমের নির্দেশে হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, ‘উত্তরা পশ্চিম থানা এলাকায় আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের কোনো বিক্ষোভ মিছিল হয়নি। উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের সামনের মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল হয়েছে।’

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি।