logo
Advertisement

সংসদে সম্পত্তি হস্তান্তর নিয়ে কালো আইন পাস হয়েছে: গোলাম পরওয়ার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সংসদে সম্পত্তি হস্তান্তর নিয়ে কালো আইন পাস হয়েছে: গোলাম পরওয়ার
বায়তুল মোকাররমের গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: এশিয়া পোস্ট

সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬ পাসের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখানে তিনি বলেন, বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করা হয়েছে

আইনটিকে কোরআন-সুন্নাহবিরোধী দাবি করে গোলাম পরওয়ার বলেন, তিলমাত্র অপেক্ষা না করে গতকালকে সেই কালো আইন পাস করা হয়েছে। যার প্রতিবাদে আমাদের পীর, বুজুর্গ, নেতা এবং এমপিরা কথা বলতে না পারায় এই কালো আইন পাস করার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ওয়াকআউট করেছেন।

তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন দাবি নিয়ে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তবে সম্পত্তি হস্তান্তর আইন শুধু রাজনৈতিক বিষয় নয় এটি মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গেও সংশ্লিষ্ট। ১৯৪১ সালের সামরিক শাসক আইয়ুব খান এই পারিবারিক আইন বদলানোর চেষ্টা করেছিল, সেই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমস্ত আলেম সমাজ এবং মুসলিমরা সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সে এখানে হাত দিতে পারে নাই। এমনকি ব্রিটিশ আমলে ১৯৩৭ সালের প্রায় ১০০ বছরের কাছাকাছি শতাব্দী ব্রিটিশের আইন মানুষের তৈরি করা আইন ছিল, কিন্তু তারা এই মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে মুসলিম পারিবারিক আইনের উপরে হাত দিতে সাহস পায় নাই।

গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের আগে ও পরে জনগণকে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান আইন পাসের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছে সরকার। এই প্রতিবাদ এখানেই শেষ হবে না। সমাবেশ থেকে আইনটি বাতিলের দাবি জানিয়ে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় নেতাকর্মীরা।