মধ্যরাতে মির্জা ফখরুলের স্ট্যাটাস

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
বুধবার (৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল লেখেন, বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। একই একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার ওপর আস্থা রাখার জন্য। সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে।
তিনি লেখেন, আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।
মির্জা ফখরুল বিশেষভাবে বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রধানদেরও ধন্যবাদ জানান, যারা নীতিতে অটল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন ।
বর্তমান বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে আল্লাহর রহমত ও জনগণের অব্যাহত সমর্থন নিয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
পরিশেষে তিনি বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান।