logo

জাগপা আবার কী, রাশেদ প্রধান কে?

জাগপা আবার কী, রাশেদ প্রধান কে?

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) আবার কী, রাশেদ প্রধান কে, আমি চিনি না।

শনিবার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, ১১ দলীয় জোটের দুই একটা দল ছাড়া বাকিগুলোর নাম কেউ বলতে পারবে না। অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে কিছু দলের নিবন্ধন দিয়েছে। কোনো কোনো দলের নিবন্ধন স্বাধীনতার পর তিন থেকে চারবার বাতিল হয়েছে। স্বাধীনতার আগেও বাতিল হয়েছে। 

এ সময় তিনি সেখানে উপস্থিত থাকা নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কেউ জাগপা’র নাম জানো? উত্তরে ‘না’ বলে জানান নেতা-কর্মীরা।

নয়ন বলেন, এই দল (জাগপা) সম্পর্কে মানুষের ধারণা নাই, সেখানে এই দলের কোন নেতা কী বলল তাতে কিছু যায় আসে না। 

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে এমন একটা সরকার গঠন হয়েছে, যেখানে এর আগে কোনো সরকার এককভাবে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে পারেনি। সেই জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান। উনাকে নিয়ে কতজনে কত কথা বলতে পারেন, উনি এগুলো শুনার প্রয়োজনই মনে করেন না। এমনকি তারেক রহমানের নেতা-কর্মীরাও এটা শুনার প্রয়োজন মনে করেন না। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এখন যদি পাগল আর ছাগল নিয়ে আপনি পড়ে থাকেন তাহলে তো দেশ পরিচালনা করা যাবে না।