নিজস্ব আয়ের উৎস ছাড়া রাজনীতিতে আসা উচিত নয়: ফজলে হুদা বাবুল

নিজস্ব আয়ের উৎস ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় বলে মন্তব্য করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলে হুদা বাবুল বলেন, রাজনীতিতে আসার আগে একজন মানুষের নিজস্ব আয়ের উৎস থাকা জরুরি। নিজের পায়ের নিচে মাটি না থাকলে এবং উপার্জনের সংস্থান না থাকলে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি অবশ্যই হবে, তবে পড়াশোনা ও ক্যারিয়ার বিসর্জন দিয়ে নয়।
তিনি বলেন, রাজনীতি টাকা উপার্জনের হাতিয়ার নয়। আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলে তারপর রাজনীতিতে আসা উচিত।
ফজলে হুদা বাবুল আরও বলেন, গত ১৭ বছরে দেশে জাতীয়তাবোধ ও সামাজিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় হয়েছে। এই অবক্ষয় রোধ করে সচেতন ও শিক্ষিত রাজনৈতিক প্রজন্ম গড়ে তোলা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। দেশপ্রেমে উদ্বুদ্ধ সৎ ও যোগ্য তরুণরাই ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে নেতৃত্ব দেবে বলেও তিনি বলেন।





