শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি: ইসলামী শ্রমিক আন্দোলন

কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী উদ্যোগ নেওয়া জরুরি বলে জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
শনিবার (৯ মে) রাজধানী পল্টনে সংগঠনের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মাসিক বৈঠকে এ কথা জানান নেতারা।
সংগঠনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইনের সঞ্চালনায় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান বলেন, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমজীবী মানুষের জীবনমানের অবনতির প্রেক্ষাপটে রাষ্ট্রকে আরও কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পকারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা এখন সময়ের দাবি বলে জানান তিনি।
শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে খলিলুর রহমান বলেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের শ্রমখাতকে আরও শক্তিশালী ও মানবিক করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ হারুন-অর-রশিদ, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওবায়দুর রহমান বিন মোস্তফা, শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন প্রমুখ।
