আপসহীন বিএনপি আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপসহীন বিএনপিকে চিনতাম; কিন্তু আজকের এই আপসকামী বিএনপিকে চিনতাম না। এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।’
বুধবার (৫ আগস্ট) জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মঞ্জু বলেন, গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি। গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপস করে গুপ্ত অবস্থায় ছিল। অন্যদের ‘গুপ্ত’ ট্যাগ দেন, এখন তো দেখি আপনারাই সবচেয়ে বড় গুপ্ত ছিলেন, এই হেলমেট বাহিনীকে আমরা ফ্যাসিবাদের সময়ে পাইনি।’
তিনি আরও বলেন, ‘একই মায়ের পেটের যমজ দুই ভাইয়ের একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে? ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না? রাজনৈতিক দলের নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির সঙ্গে দেশবাসী দীর্ঘদিন পরিচিত ছিল। তবে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে এমন কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণ-অভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।’
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘জুলাইয়ের শহীদদের আকাঙ্খা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। ৫ আগস্ট মানে মুক্তি। ৫ আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অবঃ অলি আহমদ (বীর বিক্রম) এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটওয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।
.png)

