logo
রাশেদের প্রশ্ন

গাজী নজরুলের গ্রেপ্তারের দাবিতে জামায়াত-এনসিপি কি মাঠে নামবে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গাজী নজরুলের গ্রেপ্তারের দাবিতে জামায়াত-এনসিপি কি মাঠে নামবে
গাজী নজরুল ইসলাম ও রাশেদ খাঁন। ছবি: কোলাজ

রাজধানীর শেরে বাংলানগর এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনার পর নজরুলের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, “জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? আশা করি, নিরপেক্ষ তদন্তে সত্য উন্মোচিত হবে। কিন্তু এ জামায়াত নেতার গ্রেপ্তারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে? এনসিপির নেতারা কি রাজপথে নেমে স্লোগান দেবে, ‘হৈ হৈ রৈ রৈ জামায়াত-শিবির গেলি কই’? নাকি তারা চুপ থেকে এ অপকর্মের দায় মেনে নেবে?”

ঘটনার পেছনের নানা প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘এমপি গাজী নজরুলের সাবেক ড্রাইভার নিহত মেয়েটির আপন মামা। ভাগনির সঙ্গে এমপির এমন সম্পর্ক তিনি হয়তো মেনে নিতে পারেননি। তবে মেয়েটির বাবা-মা এ ধরনের কাজের সমর্থন দিয়ে অপরাধ করেছেন।’

রাশেদ আরও লিখেছেন, ‘সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পাশাপাশি মেয়েটির বাবা-মায়ের অতিরিক্ত লোভেরও বিচার ও শাস্তি হওয়া দরকার। দেশের মানুষ এখন জামায়াত-শিবির ও এনসিপির পদক্ষেপ দেখার অপেক্ষায় রয়েছে। তারা কখন এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি বা লং মার্চের ডাক দেয়।’

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের (এমপিদের সরকারি আবাসন) ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২১ জুলাই সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে ২২ জুলাই দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। পরবর্তীতে নজরুল ইসলাম দাবি করেছিলেন, ভিডিওর নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম, যাকে তিনি ১৭ জুন বিয়ে করেছেন।