সকাল ১০টায় প্রেস ব্রিফিং করবে জামায়াত

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সকাল ১০টায় প্রেস ব্রিফিং করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করবেন।
এদিকে, রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন সাংবাদিকদের বলেন, দেশ গড়ার কাজে গণমাধ্যমকে আমাদের পাশে চাই। এই দেশটা গড়তে হবে সকলে মিলে।
তিনি বলেন, গণমাধ্যম একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমি হলেও অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে আবার জোর করে অপরাধ বানানোটাও আরেকটা বড় অপরাধ।
জামায়াত আমির বলেন, গত তিনটা ভোটের পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি।
তিনি বলেন, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারেনি, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি।
ডা. শফিকুর রহমান বলেন, এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যেখানে কোনো ব্যক্তি, পরিবার, দলের নয়—হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি।
তিনি বলেন, মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক সেটা আমরা কখনই চাই না। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে সেটা আমরাও মানব আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।