অপ্রতিম হত্যার বিচার দাবি এনসিপির

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) অপ্রতিমের শোকসন্তপ্ত মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
এ সময় তারা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
সাক্ষাৎকালে ফোনে অপ্রতিমের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’