Advertisement
ফয়জুল করীম

আত্মশুদ্ধি ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়

এশিয়া পোস্ট প্রতিবেদক
আত্মশুদ্ধি ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়
ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভায় কথা বলছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার রাজধানী পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে। ছবি: সংগৃহীত

আত্মশুদ্ধি ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও জিহাদের সমন্বয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানী পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভায় তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং নৈতিক নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব বর্তমান ছাত্রসমাজের। বাংলাদেশে ইসলামের রাজনীতি তোমরাই করবে। এজন্য নিজেদেরকে আদর্শ, নৈতিকতা, তাকওয়া ও যোগ্যতার মাধ্যমে গড়ে তুলতে হবে। ছাত্র আন্দোলনের নেতাদের সাহাবিদের আদর্শিক জীবন অনুসরণ করে সমাজের সর্বস্তরে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে।

ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও মানবকল্যাণের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এ আদর্শ প্রতিষ্ঠায় ক্যাম্পাসগুলোতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বর্তমান রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দুর্বলতা ও জনদুর্ভোগের বিষয় উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা, প্রশাসনিক অদক্ষতা, দুর্নীতি, নৈতিক অবক্ষয় এবং শিক্ষা খাতে বিদ্যমান সংকট দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি তরুণদের দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস এম মাইনুদ্দিন জাহাঙ্গীর।

সভাপতির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, বাংলাদেশের ছাত্ররাজনীতি বিগত ৫৪ বছরে যে সহিংসতা, লেজুড়বৃত্তি, সন্ত্রাস ও আদর্শহীনতার ধারা প্রত্যক্ষ করেছে, সেখান থেকে বেরিয়ে এসে ইসলামভিত্তিক একটি আদর্শিক সমাজ বিনির্মাণে ক্যাম্পাস দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে পরিশুদ্ধ, দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি তৈরি করে সমাজ পরিবর্তনের বাস্তব ভিত্তি নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নৈতিক মূল্যবোধ, শিক্ষার মানোন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী দিনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শিক নেতৃত্ব তৈরির আন্দোলন আরও জোরদার করতে হবে।

সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে ইসলামি মূল্যবোধ, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।