রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিন: স্থানীয় সরকারমন্ত্রী

রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গবেষণার লব্ধ ফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর তাগিদ দেন তিনি।
শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) আয়োজিত ‘৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আরডিএ উদ্ভাবিত ‘সবুজ প্রযুক্তি প্রদর্শন’ ঘুরে দেখেন এবং প্রাঙ্গণে একটি লটকন চারা রোপণ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, দেশে রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না। অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গণমাধ্যমকে এসব সাফল্য আরও বেশি তুলে ধরার আহ্বান জানান।
কৃষি বিপণন ব্যবস্থার চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকের সবচেয়ে বড় সমস্যা উৎপাদন নয়, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর পাশাপাশি এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের কৃষিভিত্তিক উদ্যোগ, পণ্য সংরক্ষণ ও বিপণনে এগিয়ে আসতে হবে। এতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
.png)






