logo

জনগণের সমর্থন বিএনপির পক্ষে, অপপ্রচারে লাভ হবে না: দুদু

জনগণের সমর্থন বিএনপির পক্ষে, অপপ্রচারে লাভ হবে না: দুদু
ছবি: সংগৃহীত

অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জনগণের সমর্থন বিএনপির পক্ষে রয়েছে, অপপ্রচারে লাভ হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেগুলোর দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।

তিনি আরও বলেন, ইতিহাসের ধারায় তারা কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ জানে ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা হলে সেখানে অস্থিরতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে দুদু বলেন, ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল ও নির্যাতনের শিকার হয়নি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যারা অপকর্ম করছে তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, কোথাও অপকর্ম হচ্ছে কি না—সেদিকে নজর রাখতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অনেকেই উপস্থিত ছিলেন।