সংসদ নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ রাশেদ প্রধানের

২০০৮ সালের মতো প্রশাসন, কমিশন ও মিডিয়াকে ম্যানেজ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ প্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ‘ম্যানেজ ভোট’ ছিল। ২০০৮ সালের মতো প্রশাসন, কমিশন ও মিডিয়াকে ম্যানেজ করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। আমি নিজে ২৮টি জেলায় প্রচারণা চালিয়ে দেখেছি জনগণের ভালোবাসা আমাদের সাথে ছিল।
তিনি অভিযোগ করেন, আমাদের পরাজয় হয়নি, বরং কারচুপির মাধ্যমে আমাদের হারানো হয়েছে। আমি এখনও বিশ্বাস করি জনগণ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল।
জাগপার সহসভাপতি ও মুখপাত্র বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমরা তাৎক্ষণিক বড় আন্দোলনে যাইনি, যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে অগণতান্ত্রিক শক্তি বা জরুরি অবস্থা জারি না হয়। আমরা চেয়েছিলাম বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে এবং তাদের ভুলগুলো ধরিয়ে দিতে।
বর্তমান সরকারের কার্যক্রমের বিষয়ে রাশেদ প্রধান বলেন, বিপ্লব-পরবর্তী এই গণতান্ত্রিক সরকারকে অন্তত ১০০ দিন বা হানিমুন পিরিয়ড দেওয়া উচিত। তবে যা দেখছি, তাতে মনে হচ্ছে সরকার কার্যক্রমের চেয়ে বলিউডি কায়দায় লোকদেখানো প্রচারণায় বেশি ব্যস্ত।
তিনি বলেন, তারেক রহমানের ফোনকলে স্কুলছাত্র উদ্ধার বা তাদের পারিবারিক কিছু বিষয়কে বেশি হাইপ দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে চাঁদাবাজি, অপরাধ বা ধর্ষণ দমনে দৃশ্যমান পরিবর্তন খুব কম। তারা ‘উই আর ডুইং এভরিথিং, একচুয়ালি নাথিং’—এই নীতিতে চলছে।