logo

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজেও অধ্যাপক সাইয়িদের বিএনপিতে যোগদানের ছবি সম্বলিত একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক সাইয়িদ দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথমবার এমপি হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন, সেসময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে হেরে যান।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।