logo

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ শেষে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও নানাবিধ প্রতিকূলতার মধ্য থেকে বিএনপি প্রেসিডেন্ট তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ প্রান্তিক মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, বন্যা কিংবা শীতের প্রকোপসহ প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে অবস্থান করেও তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, কঠিন রাজনৈতিক দুঃসময়েও এই সংগঠনটি তরুণ ও কিশোরদের মেধা বিকাশে সায়েন্স এক্সিবিশনসহ নানামুখী উদ্ভাবনী কর্মসূচি পরিচালনা করেছে। এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ অভিযান এবং নিখরচায় চিকিৎসা সেবা দিয়ে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো অগণিত মানবিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

কর্মসূচিতে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।