logo

বুক পেতে দেব তবুও দেশের সম্মান বন্ধক রাখব না : জামায়াত আমির

বুক পেতে দেব তবুও দেশের সম্মান বন্ধক রাখব না : জামায়াত আমির

আবু সাঈদের মতো বুক পেতে দেব তবুও দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখব না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রংপুরের পীরগঞ্জের জাফরপুর বামনপাড়ায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, কথা দিচ্ছি— জীবন গেলেও অন্যায়ের কাছে মাথা নত করব না। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন। আমরা এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।

অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আবু সাঈদের মতো যারা দেশে জন্য জীবন দিয়েছে— তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ।

শফিকুর রহমান বলেন, তারা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, দুঃশাসনমুক্ত, আধিপত্যবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিল। তাদের সেই চাওয়া প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন।

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তিনি আরও বলেন, আমাদের নিজস্ব কোনো অ্যাজেন্ডা নেই। কোনো চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি করিনি। আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করিনি, ব্যক্তিগতভাবে কারও ওপর প্রতিশোধ নেইনি। আমরা চেয়েছি জাতিকে ঐক্যবদ্ধ করতে। 

জামায়াত আমির বলেন, বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা ১০টি দল একত্রিত হয়েছি। দশে মিলে আপনাদের সামনে এসেছি। 

এ সময় ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে এবং কেউ যেন অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য যুবকদের পাহারাদার হতে বলেছেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।