রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার শেষ সময়ে রাজধানীর ১৪টি স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এর মধ্যে রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে এবং পরদিন তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন।
টানা দুদিনের জনসভার মধ্যে রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এ ছাড়া সোমবার ঢাকা-১৭ আসনে তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে বেলা ১১টায় বক্তব্য দেবেন। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকেল ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১২০ জন।