জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এ জিডি করেন।
অভিযোগে তিনি বলেন, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। পরে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। যেখানে আমিরে জামায়াতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
হ্যাকড হওয়ার পর দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই ওই এক্স (টুইটার) হ্যান্ডেলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
আমরা সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছি যে ভুয়া খবর, জাল উদ্ধৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
সবার প্রতি অনুরোধ জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, শুধু অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করুন, যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করবেন না এবং সন্দেহজনক বা বিভ্রান্তিকর কনটেন্ট দেখলে তা রিপোর্ট করুন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও গত কয়েক দিন ধরে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।