এনসিপির ১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিফুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এ নোটিশ দেওয়া হয়েছে। এনসিপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, আপনার (ওয়াসিফুর রহমান) বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত প্রেক্ষিতে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে সংগঠনটির উপদেষ্টা রাখা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের ৫ উপদেষ্টার মধ্যে রয়েছেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।