জমিয়তের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মকবুল, সম্পাদক নুর

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি মকবুল হোসাইন কাসেমীকে সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক ও মাওলানা তাহের সাঈদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে অনুষ্ঠিত দলটির ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল ও সদস্য সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বক্তব্য দেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।
বক্তারা বলেন, জমিয়তের নীতি ও অবস্থান সবসময় দেশের স্বার্থ, জনগণের কল্যাণ এবং ইসলামি মূল্যবোধের আলোকে নির্ধারিত হয়। কোনো দেশ, গোষ্ঠী বা শক্তির প্রভাব কিংবা নির্দেশে পরিচালিত হওয়ার প্রশ্নই আসে না।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থি যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করা জমিয়তের নৈতিক ও আদর্শিক দায়িত্ব বলে জানান দলের নেতারা।
বক্তারা বলেন, জুলাই শহীদদের পূর্ণ মূল্যায়ন করতে হবে। যারা এখনও আহত অবস্থায় আছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করতে হবে। কওমি মাদ্রাসার লাখো শিক্ষার্থী রয়েছে। তারা এ দেশের নাগরিক। বাজেটসহ বিভিন্ন জায়গায় তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে।
কওমি সনদের পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা। একই সঙ্গে কওমি মাদ্রাসাকে ঘিরে কটাক্ষমূলক বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।




