উত্তরায় সড়ক পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত নেতাকর্মীরা

রাজধানীর উত্তরায় ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উত্তরা ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেট এলাকায় তাদের এই কার্যক্রম চালাতে দেখা যায়।
জানা গেছে, উত্তরাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এক ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির চতুর্থ দিনে উত্তরা ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেট থেকে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সালাউদ্দিন ভূঁইয়া বলেন, সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা মাসের পর মাস পড়ে থাকলেও সিটি করপোরেশন প্রশাসন তা চোখে দেখে না। তাই আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকেই রক্ষা করতে হবে। আমরা নাগরিক, মানবিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল হোসেন, সেক্রেটারি ফিরোজ আলম, জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় নেতা-কর্মীরা।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।



